২৪ ঘণ্টা অনলাইন : ভারতের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা আশিষ বিদ্যার্থী ও তার স্ত্রী রূপালী বড়ুয়া সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। শুক্রবার রাতে আসামের গুয়াহাটির জু রোডের কাছে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকলেও দুজনেই শঙ্কামুক্ত বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ঘটনার রাতে গুয়াহাটির গীতানগর থানা এলাকার একটি রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছিলেন আশিষ ও রূপালী। ‘দ্য গুয়াহাটি অ্যাড্রেস’ নামের ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় হঠাত দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়।
এতে ভারসাম্য হারিয়ে দুজনেই রাস্তায় পড়ে যান এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এই ঘটনায় মোটরবাইক চালক নিজেও আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গীতানগর থানার পুলিশ। তারা তাৎক্ষণিকভাবে দম্পতিকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। অন্যদিকে আহত বাইকচালককে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মনে উদ্বেগের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে নিজেই এক ভিডিও বার্তা শেয়ার করেছেন আশিষ বিদ্যার্থী।
ভিডিওতে তিনি বলেন, ‘আমি এবং রূপালী রাস্তা পার হচ্ছিলাম, তখনই একটি বাইক আমাদের ধাক্কা দেয়। আমরা দুজনেই এখন স্থিতিশীল আছি। রূপালী বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছে। আমার সামান্য চোট লেগেছে ঠিকই, তবে আমি পুরোপুরি সুস্থ আছি। আপনারা চিন্তিত হবেন না।’ উল্লেখ্য, ষাটোর্ধ্ব এই অভিনেতা গত বছর রূপালী বড়ুয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। বর্তমানে তারা গুয়াহাটিতে ব্যক্তিগত সফরে রয়েছেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।