২৪ ঘণ্টা অনলাইন : প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এর মাধ্যমে তার এই প্রত্যাবর্তন ঘটছে। সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশিত হওয়ার পর সামাজিক মাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে। নতুন বছর উপলক্ষে নির্মাতা কামরুল হাসান ফুয়াদ সিনেমাটির প্রথম পোস্টারটি প্রকাশ করেন। পোস্টারে অপু বিশ্বাসকে একবারে ভিন্ন ও রোমহর্ষক গেটআপে দেখা গেছে। তার পুরো মুখ রক্তে ভেজা এবং চোখে রহস্যের ছাপ। দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম এমন দুর্ধর্ষ লুকে ধরা দিলেন এই অভিনেত্রী।
এর আগে অপু বিশ্বাস জানান, বর্তমানে দ্রুতগতিতে ‘দুর্বার’ সিনেমার শুটিং এগিয়ে চলছে। ইতোমধ্যে তার অংশের প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সজল। অপুর নতুন সহশিল্পী সজলের সম্পর্কে প্রশংসা করেন নায়িকা। দীর্ঘ বিরতির পর পর্দায় ফেরার খবর দিয়ে নির্মাতা কামরুল হাসান ফুয়াদ জানান, দর্শকরা এই সিনেমায় অপুকে একেবারে নতুন রূপে এবং ভিন্ন গেটআপে দেখতে পাবেন। ২০২৩ সালের পর বড় পর্দায় অপুর নিয়মিত উপস্থিতি না থাকলেও ২০২৬ সালে এই থ্রিলারটির মাধ্যমে তিনি বড় ধামাকা দিতে যাচ্ছেন। পোস্টারে ২০২৬ সালে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। জানা গেছে, বছরের বড় কোনো উৎসবে এটি মুক্তি পেতে পারে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।