২৪ ঘণ্টা অনলাইন : ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে শুরু। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। এক দশকের বেশি সময়ে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন আলিয়া ভাট। বড় বাজেটের ছবি আর নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনী দূত হিসেবে তার ব্যস্ততা আকাশচুম্বী। তবে তুঙ্গে থাকা ক্যারিয়ারের মাঝেই এবার ব্যক্তিগত জীবন নিয়ে এক বড় সিদ্ধান্তের কথা জানালেন এই অভিনেত্রী। মেয়ে রাহার জন্মের পর থেকে আলিয়ার জীবনে অগ্রাধিকারের জায়গা বদলেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানান, এখন থেকে বছরে একটির বেশি সিনেমায় কাজ করবেন না তিনি। মূলত মেয়ে রাহাকে পর্যাপ্ত সময় দিতেই নিজের কাজের গতি কমিয়ে আনার এই সিদ্ধান্ত। আলিয়া বলেন, ‘আমি ক্যারিয়ারকে কখনোই কোনো নির্দিষ্ট মাইলফলক হিসেবে দেখি না। আগে যেভাবে কাজ করতাম, এখন আর তা সম্ভব নয়। কারণ আমার একটি সন্তান আছে। আগে আমি একসঙ্গে দুই-তিনটি সিনেমার কাজ করতাম, কিন্তু এখন মন আর সেটা সায় দেয় না। যখন যে কাজটি করব, সেখানে শতভাগ মনোযোগ দিতে চাই।’
মা হওয়ার পর আলিয়া নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন অ্যাকশন ঘরানার সিনেমায়। হলিউডের ‘হার্ট অব স্টোন’ এবং বলিউডের ‘আলফা’ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘মা হওয়ার পর অ্যাকশন দৃশ্যগুলো করতে গিয়ে বুঝতে পেরেছি আমার শরীর এখনো কতটা ফিট। ‘আলফা’ আমাকে এমন কিছু সুযোগ করে দিয়েছে যা আগে কখনো পাইনি।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।