২৪ ঘণ্টা অনলাইন : দীর্ঘ দিনের পথচলায় ইতি টানলেন জনপ্রিয় লোকসংগীত শিল্পী ও 'ক্লোজআপ ওয়ান' তারকা মৌসুমি আক্তার সালমা। স্বামী সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। পারস্পরিক সম্মতিতে তাদের ডিভোর্স সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন সাগর নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে সানাউল্লাহ নূরে সাগর তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছে।
দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি জানান, একে অপরের সঙ্গে মানসিক দূরত্ব এবং চিন্তা-ভাবনার অমিল হওয়ার কারণেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদ প্রসঙ্গে সাগর তার পোস্টে উল্লেখ করেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। মূলত পারস্পরিক মতের অমিল এবং মানসিকতার দূরত্বের কারণে আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের বৈবাহিক সম্পর্কের সমাপ্তি ঘটলেও একে অপরের প্রতি সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ থাকবে।’
সাগর আরও জানান, বিচ্ছেদ হলেও তাদের একমাত্র কন্যাসন্তানের কথা ভেবে তারা সুন্দর সম্পর্ক বজায় রাখবেন। তিনি লেখেন, ‘আমরা দুজন আলাদা হয়েছি ঠিকই কিন্তু আমাদের একটি কন্যাসন্তান রয়েছে। আমার সন্তানের মাতা হিসেবে সালমা চিরকাল আমার কাছে সম্মান ও শ্রদ্ধার আসনে থাকবেন। কণ্ঠশিল্পী হিসেবে তার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ।’ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়ে সাগর লেখেন, জীবনের এই কঠিন সময়ে যেন কেউ নেতিবাচক মন্তব্য করে তাদের বিব্রত না করেন। উল্লেখ্য, এর আগে পারিবারিক কলহের জেরে সালমার প্রথম বিয়ে বিচ্ছেদ ঘটেছিল। এরপর ২০১৮ সালে পেশায় আইনজীবী সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই গায়িকা। দীর্ঘদিনের সাজানো সেই সংসারও শেষ পর্যন্ত স্থায়ী হলো না।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।