২৪ ঘণ্টা অনলাইন : ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ মান্না দে-র এই একটি গানটি যেন এখনও আবেগ ও নস্টালজিয়াকে আগলে রেখেছে। গানের কথায় উঠে আসা সেই সাত বন্ধু অমল, নিখিলেশ, মৈদুল কিংবা সুজাতা। এবার গানের সুর পেরিয়ে ধরা দেবেন সিনেমার পর্দায়। জেনি সরকার ও দীপায়ন মণ্ডলের যৌথ পরিচালনায় কলকাতায় নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘কফি হাউস’। সিনেমাটিতে গানের জনপ্রিয় চরিত্রগুলোকে নতুন আবহে তুলে ধরা হয়েছে। এতে রমার ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। সুজাতা চরিত্রে দেখা যাবে অনুরাধা মুখোপাধ্যায়কে।
এ ছাড়া ডি’সুজা চরিত্রে শুভ্র সৌরভ দাস, মৈদুলের ভূমিকায় রজ্জাক হোসেন, নিখিলেশের চরিত্রে পবন আগারওয়াল এবং অমলের ভূমিকায় অভিনয় করছেন শুভাশিস ঘোষ। কেবল আড্ডার গল্প নয়, এই সিনেমাটি মূলত একটি সাসপেন্স ড্রামা। গল্পের শুরু হয় বর্তমান সময়ে উত্তরবঙ্গের একটি চা বাগান থেকে। সেখান থেকে হঠাৎ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান বয়স্কা সুজাতা। তার খোঁজে নেমে নাতনি খুঁজে পান এক পুরনো ডায়েরি। সেই ডায়েরির পাতা উল্টে গল্প ফিরে যায় গত শতাব্দীর আটের দশকের কলকাতায়। অতীতের সেই রহস্য সমাধান করতে গিয়ে নাতনিকে পড়তে হয় নানা প্রতিকূলতায়। কেন সেই রহস্য এবং কী ছিল তাদের সেই আড্ডার আড়ালে— তা নিয়েই এগোবে সিনেমার কাহিনী। ইতোমধ্যেই সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।