২৪ঘণ্টা অনলাইন : প্রথমবারের মতো বিলিয়নারের তালিকায় জায়গা করে নিলেন বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা বিয়ন্সে। ব্যবসা ও অর্থবিষয়ক সাময়িকী ফোর্বস–এর সর্বশেষ তালিকায় বিশ্বের শীর্ষ ধনকুবেরদের একজন হিসেবে উঠে এসেছে তার নাম।
ফোর্বসের তথ্যমতে, বিয়ন্সে এখন বিশ্বের পঞ্চম সংগীতশিল্পী হিসেবে এক বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ২০০ কোটি টাকা। এর আগে এই তালিকায় নাম লেখান টেলর সুইফট, রিহানা, ব্রুস স্প্রিংস্টিন এবং বিয়ন্সের স্বামী ও র্যাপার জে–জি।
চলতি মাসের শুরুতে ফোর্বস জানিয়েছিল, বিয়ন্সের সম্পদের পরিমাণ তখন প্রায় ৮০ কোটি ডলার। তাঁর দীর্ঘদিনের সফল সংগীতজীবন ও ব্যবসায়িক উদ্যোগের ধারাবাহিকতায় খুব শিগগিরই তিনি বিলিয়নারের সীমা অতিক্রম করবেন—এমন পূর্বাভাস দিয়েছিল সাময়িকীটি। এবার সেই পূর্বাভাস বাস্তবে রূপ নিল।
২০২৩ সালে অনুষ্ঠিত বিয়ন্সের ‘রেনেসাঁ ওয়ার্ল্ড ট্যুর’ থেকে আয় হয় প্রায় ৬০ কোটি ডলার। এই ট্যুর তাঁকে বিশ্বের শীর্ষ পপ তারকাদের কাতারে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করে। এ ছাড়া ওই ট্যুর ঘিরে নির্মিত কনসার্ট চলচ্চিত্র থেকেও তিনি আয় করেন প্রায় ৪ কোটি ৪০ লাখ ডলার।সব মিলিয়ে সংগীত, কনসার্ট, চলচ্চিত্র এবং অন্যান্য বিনিয়োগ থেকে অর্জিত সম্পদ বিয়ন্সেকে নিয়ে গেছে বিশ্বের বিলিয়নারদের কাতারে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।