২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের আমির খান দীর্ঘদিন ধরে খুনের হুমকির মুখে ছিলেন, এমন বিস্ফোরক তথ্য সামনে আনলেন অভিনেতা ইমরান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খানের এই ভাগ্নে জানান, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে অবস্থান নেওয়ার কারণে আমির খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়; দেশ ছাড়ার চাপও সৃষ্টি করা হয়।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গত কয়েক বছরে বলিউডের অনেক মুসলিম তারকাই নিরাপত্তা হুমকির মুখে পড়েছেন। এর মধ্যে নিয়মিত হত্যার হুমকি পান সালমান খান। এছাড়াও সাইফ আলি খানের বাসভবনে হামলার ঘটনাও ঘটেছে। এমনকি চলতি বছর মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে শাহরুখ খানের প্রাণনাশের হুমকির ফোন আসে। এবার সেই তালিকায় যুক্ত হলো আমির খানের নামও। ইমরান খান জানান, টেলিভিশন শো ‘সত্যমেব জয়তে’ উপস্থাপনার সময় আমির খান সমাজের নানা সংবেদনশীল বিষয় তুলে ধরেন, যা একাংশের অপছন্দের কারণ হয়ে দাঁড়ায়।
ইমরান খান বলেন, ‘আমার শৈশব থেকেই আমিরকে দেখে আসছি। মামা তার সব কাজই সততার সঙ্গে করেন। সত্যমেব জয়তে’ শোয়ে দেশের কন্যাভ্রুণ হত্যা করার বিরুদ্ধে সরব হয়ে অনেকের বিরাগভাজন হতে হয়েছিল তাকে। ওই টক শোয়ে শিশুদের যৌন নির্যাতন, ধর্ষণ থেকে শুরু করে পুরুষতন্ত্রের আগ্রাসন, সমাজের অস্পৃশ্যতা, বৈষম্য, এমনকি রাজনৈতিক নানা ইস্যু তুলে ধরেছিলেন তিনি। আর তাতেই বারবার বিতর্কে জড়াতে হয় আমিরকে।নের হুমকিও পেয়েছিলেন। যদিও তিনি সবসময় এসব বিতর্ক থেকে দূরে থাকতে চান। কিন্তু দীর্ঘদিন ধরে আমার মামাকে (আমির খান) দেশ থেকে উৎখাত করার জন্য উঠেপড়ে লেগেছে কিছু লোক।’ তবে কারা এই হুমকির সঙ্গে জড়িত, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি ইমরান খান।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।