২৪ ঘণ্টা অনলাইন : ওপার বাংলার নায়ক দেব অধিকারির ভক্ত অনুরাগীদের অভাব নেই বাংলাদেশে। গত ২৫ ডিসেম্বর ছিল তার জন্মদিন। এ উপলক্ষে বাংলাদেশে দেবের অনেক ভক্তমহল কেক কাটেন বলেও শোনা যায়। এমন আবহে দেব ভক্তদের নজরে এলো- দেবের পুরোনো এক ড্রেস পরতে শুরু করেছেন বাংলাদেশের একাধিক অভিনয়শিল্পী-তারকারা। কিন্তু হঠাৎ কেন? ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট চলচ্চিত্র ‘পরাণ যায় জ্বলিয়া রে’-তে দেব পরেছিলেন সেই পোশাক। সেটি মূলত লাল-সাদা ডিজাইনের হুডি। এবার একের পর এক ঢাকার তারকাদের গায়ে এই পোশাক কার্যত দেব ভক্তদের মাঝে আলোচনা তৈরি করেছে। অনেকের আবার ধারণা, বড়দিনকে কেন্দ্র করেই এমন ডিজাইনের পোশাক বেঁছে নিয়েছিলেন দেশের তারকারা। তালিকায় রয়েছেন- অভিনেতা তৌসিফ মাহবুব, সাঈদ জামান শাওন, ফররুখ আহমেদ রেহান এবং অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান; যাদের একই ধরনের লাল-সাদা হুডি পরা অবস্থায় দেখা যায়।
জানা গেছে, এই বিশেষ পোশাকটির পরিকল্পনাকারী বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার ইমরুল। ভারতীয় গণমাধ্যমের দাবি অনুসারে ইমরুল জানান, ছোটবেলা থেকেই তিনি দেবের সিনেমার ভক্ত এবং সেই ভালো লাগা থেকেই ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ছবির আইকনিক ড্রেসটি নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেন। বড়দিন ও উৎসবের আমেজকে আরও রঙিন করতেই তার এই প্রচেষ্টা। আর সে থেকেই শাওন, তৌসিফদের কাছে পছন্দের হয়ে ওঠে পোশাকটি। ইমরুল আরও জানান, তিনি সবসময় ইতিবাচক কিছু করার চেষ্টা করেন। এই ডিজাইনটি যখন তিনি নতুন করে তৈরি করেন, তখন তার দেশের অভিনেতারাও বিষয়টি দারুণভাবে গ্রহণ করেন; তারা দেবকে পছন্দ করেন বলেও জানান ইমরুল
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।