২৪ ঘণ্টা অনলাইন : বলিউডে অভিনয়শিল্পী বাছাইয়ের ক্ষেত্রে বাজেটকে বেশি গুরুত্ব দেওয়া হয় বলে মন্তব্য করেছেন অভিনেতা ইমরান খান। সম্প্রতি এক পডকাস্টে পর্দার পেছনের এমন কঠিন বাস্তবতা তুলে ধরলেন অভিনেতা। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘মাত্রু কি বিজলি কা মন্ডোলা’-সিনেমায় নিজের কাস্টিংয়ের উদাহরণ টেনেই এমন বিস্ফোরক দাবি করেন ইমরান। এই অভিনেতা জানান, বিশাল ভরদ্বাজ পরিচালিত ওই সিনেমার জন্য তিনি নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না তিনি। সেখানে প্রথমে অজয় দেবগনকে নেওয়ার কথা ছিল। কিন্তু পরে বাজেটের সীমাবদ্ধতার কারণে ইমরানকে সুযোগ দেওয়া হয়।
অভিনেতা বলেন, আসলে কোন চরিত্রটির জন্য কোন অভিনেতা সঠিক, সেটি ভেবে কাস্টিং করা হয় না। বরং দেখা হয় কোন অভিনেতাকে নিলে সিনেমার বাজেট কম হবে এবং সিনেমাটি কত টাকা আয় করতে পারবে। নিজের ক্যারিয়ারের শুরুর দিকের পারিশ্রমিক নিয়ে ইমরান জানান, মাত্র ২৫ বছর বয়সেই তিনি সফলতার দেখা পেয়েছিলেন। সে সময় তিনি সিনেমা প্রতি ৭ থেকে ১০ কোটি রুপি পর্যন্ত আয় করতেন। তবে একদম শুরুর দিকে মাত্র ৫ লাখ রুপিতেও কাজ করতে রাজি হতেন অভিনেতা। দীর্ঘদিন পর্দার আড়ালে থাকা এই অভিনেতা নিজের ব্যক্তিগত জীবনের কঠিন সময় নিয়েও কথা বলেন। ২০১৯ সালে বিবাহবিচ্ছেদের পর তীব্র অবসাদে ভোগেন। এবার দীর্ঘ বিরতি কাটিয়ে ‘হ্যাপি প্যাটেল’ সিনেমার মাধ্যমে আবারও বলিউডে ফিরতে চলেছেন ইমরান খান। পর্দায় তার এই প্রত্যাবর্তনের অপেক্ষায় ভক্তরা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।