২৪ ঘণ্টা অনলাইন : ওপার বাংলার সংগীতশিল্পী ইমন চক্রবর্তী বরাবরই স্পষ্টভাষী। নিজের জীবনের আনন্দ, বিষাদ কিংবা একান্ত ভালোলাগার মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে দ্বিধাবোধ করেন না তিনি। তবে সম্প্রতি তার একটি মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে নেটদুনিয়ায়। এক ভিডিও বার্তায় গায়িকাকে প্রশ্ন করতে শোনা যায়, ‘জানি না এই সমাজ আমায় মেনে নেবে কি না।’ হঠাৎ কী এমন হলো যে সমাজ মেনে নেওয়া নিয়ে সংশয় প্রকাশ করলেন জাতীয় পুরস্কারজয়ী এই শিল্পী? ইমনের এমন প্রশ্নে নেটিজেনদের মনে কৌতুহল বাঁধতে শুরু করে। তবে পুরো ভিডিওটি দেখার পর মিলল সেই রহস্যের উত্তর। মূলত কোনো গাম্ভীর্য নয়, বরং কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচতেই মজার ছলে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি।
সম্প্রতি ‘প্রজাপতি ২’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ইমন। যাত্রাপথে গাড়ির ভেতরে শীতের দাপটে নাজেহাল অবস্থা তার। পরনে ভারী জ্যাকেট, গলায় মাফলার আর চোখে লাল চশমা সব মিলিয়ে শীতের প্রকোপ থেকে নিজেকে বাঁচাতে রীতিমতো যুদ্ধ করছেন তিনি। ভিডিওতে তাকে কাঁপতে কাঁপতে বলতে শোনা যায়, ‘মুশকিলটা হচ্ছে আমার একদম ঠান্ডা ভালো লাগে না।’ যেখানে শীতকাল অনেকের কাছেই বছরের প্রিয় ঋতু কিংবা উদযাপনের সময়, সেখানে ইমনের এই ‘শীত-ভীতি’ তাকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে। আর সেই সূত্র ধরেই মজার ছলে গায়িকা প্রশ্ন তুলেছেন, শীত অপছন্দ করার কারণে সমাজ তাকে বর্জন করবে কি না। ইমনের এই খুনসুটি মাখা ভিডিওতে ভক্তরা নানা মন্তব্য করেছেন। কেউ তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে জানিয়েছেন শীত তাদেরও দুশমন, আবার কেউ কেউ মিষ্টি রোদে শীত উপভোগ করার পরামর্শ দিয়েছেন। সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমনের এই ‘শীত-বিলাপ’ এখন বেশ চর্চায়।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।