২৪ ঘণ্টা অনলাইন : অভিনেত্রী জয়া আহসান মানেই যেন পর্দায় জাদুকরী উপস্থিতি আর বাস্তব জীবনে স্টাইল আইকন। অভিনয়ের দক্ষতা দিয়ে যেমন তিনি দশকের পর দশক দর্শকদের মুগ্ধ করে রেখেছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার প্রতিটি উপস্থিতি রীতিমতো নজরকাড়া। বছর শেষে শীতের আমেজ যখন চারিদিকে, ঠিক তখনই নতুন রূপে ধরা দিয়ে নেটিজেনদের মনে উষ্ণতা ছড়ালেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জয়া। যেখানে তাকে দেখা গেছে একদমই ভিন্ন ধাঁচের 'ডিসেম্বর মুড'-এ।
ক্যাপশনে লিখেছেন, ‘ডিসেম্বর মুড।’ ছবির মূল আকর্ষণ ছিল তার পরনের আইভরি শেডের স্লিভলেস ব্লেজার-স্টাইল ড্রেসটি। আধুনিকতা আর আভিজাত্যের মিশেলে তৈরি এই পোশাকে জয়াকে দেখাচ্ছিল অনন্য। ছবির প্রতিটি ফ্রেমে জয়া নিজের ফ্যাশন সেন্স ফুটিয়ে তুলেছেন অত্যন্ত নিপুণভাবে। গলায় ছিল সোনালি চোকার, যার ঠিক মাঝখানে সবুজ পাথরের ছোঁয়া ছবির কালার টোনের সঙ্গে একটি সূক্ষ্ম অথচ জোরালো কনট্রাস্ট তৈরি করেছে। গয়নার ক্ষেত্রে তিনি যে মিনিমালিস্ট কিন্তু 'স্টেটমেন্ট' পছন্দ করেন, তার প্রমাণ মেলে হাতের বড় স্টেটমেন্ট রিংটিতে। বরাবরের মতোই জয়ার এই লুকে মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। একজন নেটিজেন লিখেছেন, ‘ওয়াও অনেক বেশি সুন্দর।’ আরেকজন নেটিজেন লিখেছেন, ‘দারুণ লাগছে আপু।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।