২৪ ঘণ্টা অনলাইন : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা ও অভিনেতা আরশ খানের মধ্যকার ব্যক্তিগত ও পেশাগত দ্বন্দ্বের খবর শোবিজ অঙ্গনে কারো অজানা নয়। তবে সব তিক্ততা ভুলে আবারও একসঙ্গে পর্দায় ফেরার ইঙ্গিত দিলেন তিশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, আরশের সঙ্গে তার যে মনোমালিন্য ছিল, তার অবসান ঘটেছে। সাক্ষাৎকারে তিশা বলেন, ‘আমি দেশের যেখানেই যাই না কেন, সবাই আরশের কথা জিজ্ঞেস করে। বর্তমানে আমি কামারপাড়ায় শুটিং করছি, তবে আরশ কোথায় শুটিং করছে তা আমার জানা নেই। আমি স্পষ্ট করে বলতে চাই, আরশের সাথে আমার যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব ছিল, সেটার অবসান ঘটে গেছে। এখন আমি তার সঙ্গে আবারও কাজ করতে চাই।’
ভবিষ্যতে আরশ খানের সাথে স্ক্রিন শেয়ার করা প্রসঙ্গে তিশার ভাষ্য, ‘যদি কোনো পরিচালক ভালো গল্প নিয়ে আসেন এবং আমাদের দুজনের শিডিউল মিলে যায়, তবে অবশ্যই আমি আরশের সাথে কাজ করতে চাইব। আমার দিক থেকে আর কোনো বাধা নেই।’ বিদায়ী বছর নিয়ে এই অভিনেত্রী কিছুটা মিশ্র অনুভূতির কথা জানান। ২০২৫ সালটি তার কাছে অনেকটা টিকে থাকার বছর ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘২০২৫ সালটা আমার জন্য কোনোমতে বেঁচে ফেরা বা সারভাইভ করার মতোই ছিল।’ শেষে বলেন, ‘ইনশাআল্লাহ, ২০২৬ সালকে নতুনভাবে, নতুন উদ্যমে এবং পজিটিভ ও ফ্রেশ মাইন্ড নিয়ে শুরু করতে চাই। নতুন বছর যেন আমার জন্য ভালো কিছু বয়ে আনে, সেজন্য সবার কাছে দোয়া চাই।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।