২৪ ঘণ্টা অনলাইন : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বরাবরই তার অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবে এবার অভিনয় নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একগুচ্ছ ছবি নিয়ে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা। ছুটির মেজাজে মিম এখন অবস্থান করছেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে। সেখানকার নীল জলরাশি আর শান্ত পরিবেশের মাঝে কাটানো কিছু মুহূর্ত মিম শেয়ার করেছেন তার ভক্ত -অনুরাগীদের সঙ্গে। তবে সব ছাপিয়ে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি সাদা-হলুদ রঙের ‘কাঠগোলাপ’। শেয়ার করা ছবিতে দেখা যায়, সমুদ্রঘেরা একটি কটেজের সামনে দাঁড়িয়ে আছেন এই লাক্স সুন্দরী। কানে গোঁজা কাঠগোলাপ, আর পরনে কালো ও অফ-হোয়াইট রঙের নজরকাড়া স্লিভলেস লং ড্রেস। তার মোহময়ী চাহনি আর মিষ্টি হাসির মিশেলে ছবিগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে।
কখনো ক্যামেরার দিকে তাকিয়ে আলতো হাসছেন, আবার কখনো কাঠগোলাপের স্নিগ্ধতাকে ফোকাস করে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। প্রিয় তারকার এমন স্নিগ্ধ রূপ দেখে মুগ্ধ নেটিজেনরা। মিমের কমেন্ট বক্সে জমা পড়ছে হাজারো প্রশংসা। একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘একসাথে যেন ফুটেছে দুটি ফুল।’ আরেকজন লিখেছেন, ‘কাঠগোলাপের চেয়েও আপনাকে বেশি সুন্দর লাগছে দেখতে।’ প্রসঙ্গত, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।