২৪ ঘণ্টা অনলাইন : ঢাকাই সিনেমার গ্ল্যামারাস চিত্রনায়িকা শবনম বুবলী। সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ারের খাতা খুললেও বর্তমানে তিনি রূপালি পর্দার ব্যস্ততম এক অভিনেত্রী। অভিনয়শৈলী আর সৌন্দর্যের জাদুতে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বুবলীর সরব উপস্থিতি চোখে পড়ার মতো। প্রায়ই নিজের ব্যক্তিজীবন ও যাপিত সময়ের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার এই নায়িকা। ছবিতে দেখা গেছে, নজরকাড়া বেগুনি রঙের পোশাকে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। খোলা চুলে তার স্নিগ্ধ হাসি আর মোহনীয় রূপ যেন নেটদুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে।
ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘সবসময়ই হাসার কোনো না কোনো কারণ থাকে, আপনাকে শুধু তা খুঁজে নিতে হবে।’ নেটিজেনরা বুবলীর রূপের প্রশংসা করে কমেন্ট বক্সে নানা মন্তব্য করছেন তারা। এক ভক্ত লিখেছেন, ‘নীল পরীর মতো লাগছে, খুবই সুন্দর।’ অন্য একজনের মন্তব্য, ‘বুবলী আপুকে বেগুনি পোশাকে সত্যিই অপূর্ব দেখাচ্ছে।’ অধিকাংশ অনুরাগীই তার মিষ্টি হাসির প্রশংসা করেছেন। প্রসঙ্গত, ২০১৬ সালে চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে বুবলীর। নিজের প্রথম ছবিতেই সাবলীল অভিনয়ের স্বাক্ষর রেখে বাজিমাত করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে দেশীয় চলচ্চিত্রের শীর্ষ নায়িকাদের মধ্যে তিনি অন্যতম একজন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।