২৪ ঘণ্টা অনলাইন : চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা ফেলেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল শুক্রবার গাজা সিটির তুফাহ এলাকায় ঘটেছে এ ঘটনা। স্থানীয় সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হামাস-ইসরায়েল যুদ্ধের সময় তুফাহ’র স্কুলগুলোতে আশ্রয় নিয়েছিলেন স্থানীয় ফিলিস্তিনিরা। সে রকমই একটি স্কুলের দোতলায় একটি বিয়ের আয়োজন করা হয়েছিল গতকাল। যুদ্ধের কারণে আশ্রয়হীন হওয়া কয়েকটি পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছিলেন সেই বিয়ের অনুষ্ঠানে। তার মধ্যেই সেখানে বোমা ফেলে ইসরায়েলি বাহিনী।
কী কারণে এই হামলা চালানো হলো, সে সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি আইডিএফ। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালানোর পরের দিন থেকে গাজায় সামরিক অভিযান শুরু আইডিএফ। টানা দুই বছর ধরে অভিযান চালিয়ে ৭০ হাজারেরও বেশি মানুষকে নিহত, ১ লাখ ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে আহত এবং গাজা উপত্যকাকে পুরোপুরি ধ্বংস্তূপ বানানোর পর গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মনে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েলি বাহিনী। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ছিল তিন স্তরের। প্রথম স্তর বা পর্যায়ের মেয়াদকাল ছিল ৬ সপ্তাহ। তার পর যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার কথা। প্রথম স্তরের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে আসছে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন কর্মকর্তারা হামাস-ইসরায়েল উভয়পক্ষকে বিরতির দ্বিতীয় মেয়াদ শুরু করার তাগাদা দিচ্ছেন। এমন পরিস্থিতির মধ্যেই গাজায় বোমা হামলা চালাল আইডিএফ। অবশ্য ইসরায়েলি বাহিনী যে যুদ্ধবিরতির মধ্যে এই প্রথম হামলা চালাল— এমন নয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১০ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে গাজায় দেড় শতাধিকবার ছোটো বড় হামলা চালিয়েছে আইডিএফ।
সূত্র : আলজাজিরা
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।