২৪ ঘণ্টা অনলাইন : বিনোদন জগতে নায়িকাদের সৌন্দর্যের মাপকাঠি যেন কেবল ছিপছিপে শারীরিক গড়ন। এর সামান্য ব্যতিক্রম হলেই জুটছে কড়া সমালোচনা আর বডি শেমিং। মা হওয়ার পর ওজন বৃদ্ধি পাওয়ায় বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকেও সহ্য করতে হয়েছিল তীব্র কটাক্ষ। এবার প্রায় একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়ে সরব হলেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অভিনয় জীবনের শুরুর দিকে একটি বড় প্রোডাকশনের ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন রাধিকা। কিন্তু শুটিং শুরুর আগেই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। রাধিকা জানান, শুটিং শুরুর আগে তিনি ছুটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
বিষয়টি তিনি সংশ্লিষ্টদের আগে থেকেই জানিয়ে রেখেছিলেন। এমনকি ঘুরতে গিয়ে ডায়েট করবেন না এবং ওজন কিছুটা বাড়তে পারে তাও স্পষ্ট করেছিলেন।রাধিকার কথায়, ‘তখন আমার বয়স কম ছিল, মেটাবলিজমও ছিল দুর্দান্ত। আমি জানতাম ফিরে এসে দ্রুতই ওজন কমিয়ে ফেলতে পারব। কিন্তু শুটিংয়ের আগে একটি ফটোশুটে আমাকে অংশ নিতে হয়। সেখানে আমায় কিছুটা মোটা দেখাচ্ছিল। আমাকে মোটা বলে বাদ দেওয়া হয়।’ বড় কাজ হাতছাড়া হওয়ার পর রাধিকা মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত হয়ে পড়েন। তার মনে ওজনের ব্যাপারে এক ধরনের ভীতি তৈরি হয়ে গিয়েছিল। সামান্য ওজন বাড়লেই তিনি আতঙ্কিত হয়ে পড়তেন যে তাকে হয়তো আবারও কাজ হারাতে হবে। দীর্ঘ সময় এই ট্রমার মধ্য দিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত তিনি পেশাদার মনোবিদের সাহায্য নিতে বাধ্য হন। সম্প্রতি মা হয়েছেন রাধিকা। সন্তান জন্মের পর স্বাভাবিকভাবেই তার ওজন বৃদ্ধি পেয়েছে। তবে অতীতের সেই ট্রমা কাটিয়ে এখন তিনি জীবনকে নতুনভাবে দেখতে শিখছেন। রাধিকার এই স্বীকারোক্তি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, পর্দা কাঁপানো তারকাদেরও ক্যারিয়ার টিকিয়ে রাখতে কতটা অমানবিক মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।