২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের অন্যতম চর্চিত দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। ২০১২ সালে গাঁটছড়া বেঁধেছিলেন এই তারকা জুটি। বয়সের ব্যবধান প্রায় ১০ বছর হলেও তাদের রসায়ন বরাবরই নজর কাড়ে ভক্তদের। তবে আজ যে সম্পর্ক এত গভীর ও মজবুত, শুরুর দিনগুলো কিন্তু মোটেও অতটা মসৃণ ছিল না। সম্প্রতি সাইফ নিজেই স্বীকার করেছেন, সম্পর্কের শুরুর দিকে কারিনাকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগতেন তিনি। ঘটনার সূত্রপাত ২০০৮ সালে ‘টশন’ ছবির শুটিং সেটে। শাহিদ কাপুরের সঙ্গে দীর্ঘ প্রেমের পাট চুকিয়ে তখন একলা ছিলেন কারিনা। সেই ছবির সেটেই কারিনাকে প্রেমের প্রস্তাব দেন সাইফ। তবে প্রেমের জোয়ারে ভাসলেও মনের কোণে ছিল অজানা এক ভয়।
সাইফ আলি খানের মতে, সম্পর্কের শুরুর দিকে আবেগ এতটাই বেশি থাকে যে বাস্তবকে অনেক সময় উপেক্ষা করতে হয়। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমি আসলে খুব একটা সহজ মানুষ নই। এর আগে আমি এমন সব নারীদের সাথে মিশেছি যাদের সিনেমার জগতের সাথে কোনো যোগসূত্র ছিল না।’ ‘ফলে কারিনা যখন আমার জীবনে এল, তখন আমি নিজেকে সামলাতে পারছিলাম না। ওর সাথে কাজ করা অন্য নায়কদের আমি নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছিলাম।’ সাইফের কথায়, ‘কারিনা আমাদের সংসারটাকে আগলে রেখেছে। ও যেমন সৃজনশীল একজন অভিনেত্রী, ঠিক তেমনি একজন অসাধারণ মা এবং স্ত্রী। ওর মতো ভালো মনের মানুষ আমি খুব কম দেখেছি।’ বর্তমানে দুই সন্তান তৈমুর ও জেহকে নিয়ে সুখের সংসার তাদের। সাইফ মনে করেন, কারিনার উপস্থিতিতেই তাদের বাড়ি আজ আক্ষরিক অর্থেই ‘ঘর’ হয়ে উঠেছে। অতীতের সেই নিরাপত্তাহীনতা কাটিয়ে আজ তারা একে অপরের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।