২৪ ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়িতে মিলল হলিউডের জনপ্রিয় পরিচালক ও অভিনেতা রব রেইনার (৭৮) ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রেইনারের (৬৮) মরদেহ। স্কাই নিউজের মার্কিন সহযোগী এনবিসি নিউজের বরাতে জানা গেছে, প্রাথমিক তদন্তে তাদের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। রেইনারের ঘনিষ্ঠজনের এক সূত্র জানিয়েছে, রব রেইনার এবং তার স্ত্রী মিশেল সিঙ্গার রেইনারের শরীরে ছুরিকাঘাতের ক্ষত ছিল। লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ডাকাতি ও হত্যা বিভাগের গোয়েন্দাদের এই মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ-এর ক্যাপ্টেন মাইক ব্ল্যান্ড এটিকে 'হত্যাকাণ্ড' হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন।
এদিকে সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, রেইনারের বাড়িতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস রেইনারের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, এটি শহরের জন্য এক অপূরণীয় ক্ষতি। রব রেইনার হলিউডের একজন কিংবদন্তী ব্যক্তিত্ব ছিলেন। তিনি ‘স্লিপলেস ইন সিয়াটেল’ এবং ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি, তিনি ‘দিস ইজ স্পাইনাল ট্যাপ’, ‘দ্য প্রিন্সেস ব্রাইড’, ‘হোয়েন হ্যারি মেট স্যালি’ এবং ‘এ ফিউ গুড মেন’-এর মতো কালজয়ী সিনেমাগুলো পরিচালনা করে খ্যাতি অর্জন করেন। রব রেইনার ১৯৮৯ সাল থেকে মিশেল সিঙ্গার রেইনারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। ‘হোয়েন হ্যারি মেট স্যালি’ সিনেমার পরিচালনার সময় তাদের পরিচয় হয়। এই দম্পতির তিনটি সন্তান রয়েছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।