শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্ট মার্টিনগামী জাহাজের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব টিকিট বিক্রি

প্রকাশিত - ১৪ ডিসেম্বর, ২০২৫   ০৬:০৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ১৫ ডিসেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারের নির্ধারিত দৈনিক দুই হাজার যাত্রীর অনুপাতে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে চলাচলকারী জাহাজগুলোর প্রায় সব টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। পাশাপাশি ১১ জানুয়ারি পর্যন্ত ৫০ শতাংশ টিকিটও বিক্রি শেষ হয়েছে। সব মিলিয়ে এই সময়ের মধ্যে অগ্রিম বিক্রি হওয়া টিকিটের সংখ্যা প্রায় ৪০ হাজার। গত ১ ডিসেম্বর থেকে এই রুটে জাহাজ চলাচল শুরু হওয়ার পর ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২২ হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন।

ট্রাভেল পাসের জন্য নির্ধারিত সরকারি ওয়েবসাইটের (www.travelpass.gov.bd) তথ্য অনুযায়ী, গত ১৪ দিনের মধ্যে আজ রোববার (১৪ ডিসেম্বর) দুই হাজার পাসের বিপরীতে সর্বোচ্চ ১ হাজার ৮ শত ৭১টি পাস ইস্যু করা হয়। এদিন ছয়টি জাহাজে করে সেন্টমার্টিন যাত্রা করেন ১ হাজার ৮ শত ৫৬ জন পর্যটক। সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর ঢাকা পোস্টকে বলেন, শুরুর প্রথম দুই সপ্তাহে পর্যটকদের চাপ কম থাকলেও বিজয় দিবসসহ সরকারি ছুটি থাকায় তৃতীয় সপ্তাহে পর্যটকদের চাপ বেড়েছে। মাসের শেষ দিন পর্যন্ত সব টিকিট বিক্রি হয়ে গেছে। যেহেতু ২৫ ডিসেম্বরও সরকারি ছুটি রয়েছে, সেসময়ও পর্যটকদের চাপ থাকবে।

তিনি আরও বলেন, গত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপ উন্মুক্ত করা হলেও রাতযাপনের অনুমতি না থাকায় সে মাসে পর্যটকদের আগ্রহ ছিল না, ফলে জাহাজ চলাচল করেনি। ৩১ জানুয়ারি পর্যন্ত রাতযাপনের সুযোগ থাকায় এখন পর্যটকের সংখ্যা বেড়েছে এবং প্রতিদিন অনুমতিপ্রাপ্ত ছয়টি জাহাজ আনুপাতিক হারে যাত্রী পরিবহন করছে। প্রশাসনিক তৎপরতার পরেও অনিয়ম, সক্রিয় টিকিট জালিয়াতি চক্র সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারি ১২টি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সেন্টমার্টিন যাত্রায় প্রশাসনের নজরদারি অব্যাহত থাকলেও গত ১৪ দিনে কিছু অনিয়ম ও টিকিট জালিয়াতির ঘটনা সামনে এসেছে।

যাত্রার প্রথম দিনেই, ১ ডিসেম্বর সরকার প্রদত্ত ট্রাভেল পাস ছাড়া টিকিট বিক্রির দায়ে কেয়ারি সিন্দাবাদ নামে একটি জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। গত ৩ ডিসেম্বর কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউ ঘাটে পাঁচজন যাত্রীর কাছে নকল কিউআর কোড সংবলিত টিকিট শনাক্ত করে ট্যুরিস্ট পুলিশ। এক টিকিটে দুইজন যাত্রী সেন্ট মার্টিন যাত্রাকালে এই সুক্ষ্ম কারচুপি ধরা পড়ে। এজেন্সি থেকে টিকিট সংগ্রহ করা পর্যটকেরা বিপাকে পড়েন, যদিও প্রশাসনের মধ্যস্থতায় পরবর্তীতে তাদের ভ্রমণের সুযোগ দেওয়া হয়। এরপর গত ১১ ডিসেম্বর মিজান ট্রাভেলস নামে একটি এজেন্সি থেকে টিকিট কিনে প্রতারণার শিকার হন মানিকগঞ্জ থেকে আসা ৪৪ জন পর্যটক। বিষয়টি অভিযোগ আকারে জানানো হলে ভ্রাম্যমাণ আদালত ওই এজেন্সিকে ৫০ হাজার টাকা জরিমানা করে। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা ট্যুরিস্ট পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহায়তা দিয়ে আসছি। বেশ কয়েকটি জালিয়াতির ঘটনা ধরা পড়েছে এবং সঙ্গে সঙ্গে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ গত ১২ ডিসেম্বর জাহাজের যাত্রাবিলম্ব হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে এক ব্যক্তি কক্সবাজার সদরের ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গ্রেপ্তারের হুমকি দেন। পরে তিনি ক্ষমা চেয়ে রক্ষা পান। নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম বলেন, ভোর থেকেই আমরা প্রতিদিন যাত্রা তদারকিতে ঘাটে অবস্থান নিই। কোনো অনিয়ম চোখে পড়লে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী দিনে দুই হাজারের বেশি পর্যটক পরিবহনের নিয়ম নেই। এ ছাড়া আরও বেশ কিছু নিয়ম রয়েছে, যেগুলো তদারকিতে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক কাজ করছে। প্রসঙ্গত, ১৯৯৯ সালে সেন্ট মার্টিন দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়। সর্বশেষ ২০২৩ সালের ৪ জানুয়ারি বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী, সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরের ১ হাজার ৭৪৩ বর্গকিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গত ২২ অক্টোবর মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেন্টমার্টিনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় ১২ দফা নির্দেশনা জারি করা হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।