শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বক্স অফিস কাঁপাচ্ছে, অথচ মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ ‘ধুরন্ধর’

প্রকাশিত - ১৪ ডিসেম্বর, ২০২৫   ০৫:৪৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভারতের বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে বলিউড ছবি ‘ধুরন্ধর’। বছরের শেষ দিকে মুক্তি পাওয়া এই সিনেমাটি মুক্তির পর থেকেই আয় ও আলোচনায় শীর্ষে। রণবীর সিং অভিনীত ছবিটি শুধু ব্যবসায়িক সাফল্যই নয়, দর্শকদের কাছ থেকে প্রশংসাও কুড়িয়েছে। বিশেষ করে অক্ষয় খান্নার এন্ট্রি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ দ্বিতীয় শনিবারে সর্বোচ্চ আয় করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ছবিটির ওপেনিং আয় ছিল ২৮ কোটি টাকা। প্রথম সপ্তাহেই বক্স অফিসে আসে ২০৭.২৫ কোটি টাকা। দ্বিতীয় শুক্রবার ছবিটি আয় করে ৩২.৫ কোটি টাকা, আর দ্বিতীয় শনিবার সেই অঙ্ক লাফিয়ে দাঁড়ায় ৪৪.৬ কোটি টাকায়। সব মিলিয়ে শেষ দিন পর্যন্ত ছবিটির মোট আয় ২৮৩.৮১ কোটি টাকা। বিশ্লেষকদের ধারণা, দ্বিতীয় রোববারের মধ্যেই ছবিটি ৫০ কোটি ছুঁতে পারে। তা হলে দ্বিতীয় সপ্তাহের শুরুতেই ৩০০ কোটির গণ্ডি পার করবে ‘ধুরন্ধর’। কিন্তু ভারতের এই সাফল্যের মাঝেই বড় ধাক্কা এসেছে আন্তর্জাতিক বাজারে। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ছবিটি নিষিদ্ধ করা হয়েছে। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাকিস্তান-বিরোধী থিম’-এর অভিযোগে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ছবিটির মুক্তির অনুমতি দেওয়া হয়নি। একটি সূত্র জানায়, এই দেশগুলোর কর্তৃপক্ষ ছবিটির বিষয়বস্তু নিয়ে আপত্তি তোলে। আগেও এমন রাজনৈতিকভাবে সংবেদনশীল হিন্দি ছবিগুলো উপসাগরীয় অঞ্চলে মুক্তির ছাড়পত্র পায়নি। ‘ধুরন্ধর’-এর টিম চেষ্টা করলেও শেষ পর্যন্ত কোনো দেশই ছবিটির অনুমোদন করেনি।

নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান অবশ্য দাবি করেছে, ‘ধুরন্ধর’ একটি স্পাই থ্রিলার, যার পটভূমি পাকিস্তানে। গল্পটি আবর্তিত হয়েছে হামজা আলি মাজারি নামের এক রহস্যময় চরিত্রকে ঘিরে, যিনি লিয়ারি অঞ্চলের কুখ্যাত রহমান ডাকাতের গ্যাংয়ে অনুপ্রবেশ করেন। ছবিতে রণবীর সিং ছাড়াও অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর. মাধবন এবং সারা অর্জুন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রশংসা পেলেও সমালোচকদের কাছ থেকে ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। রিভিউ ঘিরে তৈরি হওয়া বিতর্কে কড়া অবস্থান নিয়েছে ফিল্ম ক্রিটিক্স গিল্ড। তারা এক বিবৃতিতে সমালোচকদের ওপর ‘হামলা, হয়রানি ও ঘৃণা’ ছড়ানোর প্রবণতার নিন্দা জানিয়েছে। সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত এই ছবিতে সংসদ বিস্ফোরণ, মুম্বাইয়ের তাজ হোটেল হামলা ও বিমান ছিনতাইয়ের মতো ঘটনাও তুলে ধরা হয়েছে। শুরুতে ধারণা করা হয়েছিল, ছবিটি মেজর মোহিত শর্মার জীবনী থেকে অনুপ্রাণিত, তবে পরিচালক আদিত্য ধর তা নাকচ করেছেন। সব মিলিয়ে, ভারতে বক্স অফিসে রেকর্ড গড়লেও মধ্যপ্রাচ্যে নিষেধাজ্ঞার মুখে পড়ে ‘ধুরন্ধর’ এখন একই সঙ্গে সাফল্য ও বিতর্কের কেন্দ্রে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।