শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের ফোনকলের পরও সংঘাত চলছে থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে

প্রকাশিত - ১৩ ডিসেম্বর, ২০২৫   ০৩:৪৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দক্ষিণপূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত থামাতে দুই দেশের প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের প্রধানমন্ত্রী মৌখিকভাবে তার আহ্বানে সাড়াও দিয়েছেন, তবে তারপরও সংঘাত এখনও অব্যাহত আছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। গতকাল শুক্রবার রাতে আনুতিন চার্নভিরাকুল এবং হুন মানেতের সঙ্গে টেলিফোনে কথা হয় ট্রাম্পের। দুই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, “থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতনি চার্নভিরাকুল এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে টেলিফোনে খুব চমৎকার আলোচনা হয়েছে। দুই দেশের দীর্ঘস্থায়ী যুদ্ধ দুর্ভাগ্যজনকভাবে হঠাৎ উসকে ওঠায় আমি উদ্বিগ্ন। তবে তারা উভয়েই পুরোনো শান্তি চুক্তি মেনে আগামী কয়েক ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয়েছেন। চুক্তিটি আমার এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছিল এবং উভয়েই তাতে স্বাক্ষর করেছিলেন।”

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপের কয়েক ঘণ্টা পর দুই দেশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন যে সংঘাত এখনও চলমান আছে এবং এজন্য পরস্পরকে দোষ দিয়েছেন তারা।  কম্বোডিয়ার তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, “থাই বাহিনী বোমাবর্ষণ থামায়নি এবং এখনও চালিয়ে যাচ্ছে।” থাই সেনাবাহিনীর মুখপাত্ররাও প্রায় একই অভিযোগ করেছেন কম্বোডীয় বাহিনীর বিরুদ্ধে। এক মুখপাত্র বলেছেন, “কম্বোডীয় সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকজনকে নিজেদের লক্ষ্যবস্তু বানাচ্ছে এবং সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ল্যান্ডমাইন পাতছে।”সীমান্তবর্তী এমারেল্ড ট্রায়াঙ্গল বা পান্না ত্রিভূজ নামে ৮০০ বর্গকিলোমিটারের একটি ভূখণ্ডের মালিকানা নিয়ে ১১৫ বছর ধরে বিবাদ চলছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। উভয় দেশই এই ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে আসছে।

দীর্ঘ ১০০ বছর ধরে সংঘাত চলার পর ১৫ বছর আগে প্রথমবারের মতো যুদ্ধবিরতিতে যায় থাইল্যান্ড-কম্বোডিয়া। কিন্তু ২০২৪ সালের মে মাস থেকে এ ইস্যুতে ফের উত্তেজনা শুরু হয় দুই দেশের মধ্যে। এই উত্তেজনার জের ধরে গত জুলাই মাসের শেষ দিকে সংঘাতে জড়িয়ে পড়ে থাই ও কম্বোডীয় সেনাবাহিনী। ৫ দিনের সেই সংঘাতে নিহত হয়েছিলেন দুই দেশের ৪৮ জন নাগরিক এবং বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানের উদ্দেশে পালাতে বাধ্য হয়েছিলেন ৩ লাখ মানুষ। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ, ট্রুথ সোশ্যাল পোস্টে পুরোনো সেই সমঝোতার বিষয়টিই উল্লেখ করেছেন ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর শনিবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করেছিল রয়টার্স। দপ্তরের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, “কম্বোডিয়ার সঙ্গে আমাদের কোনো যুদ্ধবিরতি হয়নি।” কাছাকাছি ফেসবুক পোস্টে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত দাবি করেছেন, তার দেশ সবসময় শান্তি বজায় রাখতে আগ্রহী এবং যে পরিস্থিতি দেখা দিয়েছে, তার দায় সম্পূর্ণ থাইল্যান্ডের।

সূত্র : রয়টার্স

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।