২৪ ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেতা হৃতিক রোশান সম্প্রতি আদিত্য ধর পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট দিয়েছেন। বক্স-অফিসে তোলপাড় করা এই ছবির রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপত্তি তুলেছেন হৃতিক। যার জেরে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। ‘ধুরন্ধর’ ছবিটি ব্যাপক সাফল্য পেলেও এর বিতর্কিত বিষয়বস্তু নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। এর মাঝেই হৃতিকের মন্তব্য নতুন করে সেই বিতর্কের আগুন উসকে দিল। নিজের পোস্টে অভিনেতা ছবির নির্মাণশৈলীর উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি লেখেন, ‘আমি ছবি ভালোবাসি। আমি তাদের ভালোবাসি, যারা ছবির গল্পকেই সবটা নিয়ন্ত্রণ করতে দেয়। ‘ধুরন্ধর’ তেমনই একটি ছবি। যেভাবে গল্প বলা হয়েছে, তা সত্যিই দারুণ। একেই বলে সিনেমা।’
ছবিতে উপস্থাপিত রাজনীতির সঙ্গে নিজের দ্বিমত পোষণ করে তিনি স্পষ্ট জানান, ‘আমি হয়তো ছবির রাজনীতির সঙ্গে সহমত নই। চিত্রনির্মাতা হিসেবে আমাদের কিছু দায়িত্ববোধ থাকে সারা বিশ্বের নাগরিকের কাছে, সেই বিষয়েও আমি তর্ক করতে পারি।’ ‘কিন্তু এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই, সিনেমার ছাত্র হিসেবে এই ছবির নির্মাণ থেকে আমি অনেক কিছু শিখেছি। অসাধারণ!’ হৃতিকের এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র কটাক্ষ। একজন নেটাগরিক মন্তব্য করেছেন, ‘হৃতিকের এই মন্তব্য কেউ কেউ সমর্থন করতেই পারেন, তাকে বিরাট সাহসীও বলতে পারেন। কিন্তু আসলে এই মন্তব্য করে দেশের অধিকাংশ মানুষের চোখে নিজেকে উনি ছোট করলেন।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।