২৪ ঘণটা অনলাইন : মিস ইউনিভার্সের লড়াইয়ে বেশ ধকল গেছে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলার। থাইল্যান্ডে চার সপ্তাহের লম্বা সফর শেষে গত ২৫ নভেম্বর দেশে ফেরেন তিনি; দেশের মানুষ ও বিনোদন অঙ্গনের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে কতটা চ্যালেঞ্জিংয়ের ছিল সেই মঞ্চ- সেই অভিজ্ঞতা শোনালেন এবার। প্রতিযোগিতার মুকুট জিততে না পারলেও সেরা ত্রিশে থাকাটা নিয়ে তিনি সন্তুষ্ট মিথিলা। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে হাজির হন তিনি। সেখানেই মিস ইউনিভার্সের মঞ্চে চ্যালেঞ্জিং মুহূর্তগুলো তুলে ধরেন এই মডেল-অভিনেত্রী। বিশেষ করে প্রতিযোগিতার সময় তাকে যে দীর্ঘ সময় হিল পরে থাকতে হয়েছিল, যা তার জন্য বড় চ্যালেঞ্জ ছিল।
মিথিলা বলেন, ‘এই মুহূর্তে আমার বিগেস্ট ফিয়ার আমি আর ৬-৭ ইঞ্চি হিল পড়তে চাই না। কারণ আমার পুরো জার্নিতে আমি যেহেতু অন্যান্য কনটেস্ট্যান্টদের থেকে একটু শর্ট ছিলাম, আমাকে পুরোটা সময় ৭ ইঞ্চি হিল পরে থাকতে হয়েছে। সেটার জন্য আমার পায়ে অনেক দাগ হয়ে গেছে।’ এখন হিলের কথা শুনলেই যেন মনে ভয় ধরে যায় মিথিলার। বললেন, ‘এই মুহূর্তে হিলের কথা শুনলে আমার এটা একটা নাইটমেয়ার হচ্ছে।’ এদিকে কিছুদিন আগে মিথিলা অভিনীত ওয়েবফিল্ম ‘থার্সডে নাইট’ মুক্তি পেয়েছে। বাংলাদেশেরই একটি বাস্তব অপরাধমূলক ঘটনার অনুপ্রেরণায় তৈরি হয়েছে ওয়েবফিল্মটি। বন্ধুত্ব, পার্টি, স্মৃতিভ্রম ও তদন্ত- এই চারটি বিষয়ের ওপর দাঁড়িয়ে পুরো গল্পটি আবর্তিত হয়। মিথিলার পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন সামিরা খান মাহি, সৌম্য জ্যোতি, ফররুখ রেহান ও তাওহীদুল তামিল।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।