শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যানসার সৃষ্টিকারী জিনবাহী দাতার শুক্রাণুতে ২০০ শিশুর জন্ম

প্রকাশিত - ১১ ডিসেম্বর, ২০২৫   ০৪:৪৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : শরীরে ক্যানসারের ঝুঁকি বৃদ্ধিকারী জিনের পরিবর্তন থাকলেও তা জানতেন না এক শুক্রাণুদাতা। জিনগত এই পরিবর্তনের বিষয়ে না জেনেই শুক্রানু দান করে অন্তত ১৯৭ শিশুর জন্ম দিয়েছেন তিনি। ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়নের ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের অনুসন্ধানে চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিসহ ১৪টি গণমাধ্যম এই বিষয়ে যৌথ অনুসন্ধান নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ওই দাতার শুক্রাণু থেকে জন্ম নেওয়া কিছু শিশু মারা গেছে বলেও নিশ্চিত করা হয়েছে। যারা তার পরিবর্তিত জিন পেয়েছে, তাদের মধ্যে একেবারে সামান্য সংখ্যক শিশু সারাজীবন ক্যানসার এড়াতে পারবে। যদিও যুক্তরাজ্যের কোনও ক্লিনিক ওই দাতার শুক্রাণু কেনেনি। তবে বিবিসি নিশ্চিত করে বলেছে, ডেনমার্কে চিকিৎসা নেওয়া হাতে গোনা অল্পসংখ্যক ব্রিটিশ নারী ওই দাতার শুক্রাণু ব্যবহার করেছিলেন। তাদের ইতোমধ্যে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। ডেনমার্কের ইউরোপিয়ান স্পার্ম ব্যাংক বলেছে, ক্ষতিগ্রস্ত সব পরিবারের প্রতি তাদের গভীর সহানুভূতি রয়েছে। কিছু দেশে ওই দাতার শুক্রাণু অতিরিক্ত সংখ্যক সন্তানের জন্মে ব্যবহৃত হয়েছে বলেও তারা স্বীকার করেছে।

ছাত্র জীবনেই শুক্রাণু দান শুরু করেন দাতা
২০০৫ সালে ছাত্রাবস্থায় পারিশ্রমিক নিয়ে বেনামে শুক্রাণু দান শুরু করেন ওই ব্যক্তি। প্রায় ১৭ বছর ধরে নারীরা তার শুক্রাণু ব্যবহার করেছেন। তিনি সুস্থ ছিলেন এবং স্ক্রিনিং পরীক্ষায় উত্তীর্ণও হন। তবে জন্মের আগেই তার শরীরের কিছু কোষের ডিএনএ পরিবর্তিত হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় টিপি৫৩ নামের জিন; যা শরীরকে ক্যানসার থেকে রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দাতার শরীরের বেশিরভাগ কোষে ওই বদল পাওয়া যায়নি। তবে তার শুক্রাণুর প্রায় ২০ শতাংশে বিপজ্জনক পরিবর্তন লক্ষ্য করা যায়। আক্রান্ত শুক্রাণু থেকে জন্ম নেওয়া শিশুদের শরীরের প্রতিটি কোষেই এই ত্রুটি দেখা যায়। এই জিনগত অবস্থাকে বলা হয় ‘লি-ফ্রাউমেনি সিনড্রোম’। এতে ক্যানসারের ঝুঁকি ৯০ শতাংশ পর্যন্ত; বিশেষ করে শৈশব ও যুব বয়সে বিভিন্ন ধরনের ক্যানসার এবং পরবর্তী জীবনে স্তন ক্যানসারের ঝুঁকিও বেড়ে যায়। লন্ডনের ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চের ক্যানসার জিনতত্ত্ববিদ্যার অধ্যাপক ক্লেয়ার টার্নবুল বলেছেন, এটি একটি ভয়াবহ রোগ নির্ণয়। এটি পুরো পরিবারকে আজীবন ঝুঁকির মধ্যে ফেলে দেয়; যা অত্যন্ত বিধ্বংসী। এ অবস্থায় শরীর ও মস্তিষ্কের এমআরআই স্ক্যানের  পাশাপাশি পেটের আলট্রাসাউন্ড প্রতি বছর করাতে হয়। অনেক নারী ঝুঁকি কমাতে স্তন অপসারণের পথ বেছে নেন। ইউরোপিয়ান স্পার্ম ব্যাংক বলেছে, দাতা ও তার পরিবার অসুস্থ নন এবং এ ধরনের মিউটেশন আগে থেকে স্ক্রিনিংয়ে ধরা যায় না। সমস্যা ধরা পড়ার পর দাতার নমুনা সঙ্গে সঙ্গে ‘ব্লক’ করা হয়।

শিশুরা ইতোমধ্যে আক্রান্ত, কেউ কেউ মারা গেছে
চলতি বছর ইউরোপিয়ান সোসাইটি অব হিউম্যান জেনেটিকসের চিকিৎসকরা বিষয়টি সামনে আনেন। তারা বলেছেন, পরিচয় শনাক্ত হওয়া ৬৭ শিশুর মধ্যে ২৩ জনের শরীরে জিনের পরিবর্তন ঘটেছে। তাদের মধ্যে ১০ জন ইতোমধ্যে ক্যানসারে আক্রান্ত হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, ওই দাতার স্পার্মে জন্মগ্রহণ করা শিশুর সংখ্যা অন্তত ১৯৭। তবে সব দেশের তথ্য না পাওয়ায় চূড়ান্ত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও কতজন শিশু মারাত্মক জিনগত পরিবর্তন পেয়েছে, সেটি এখনও জানা যায়নি। ফ্রান্সের রুয়াঁ ইউনিভার্সিটি হাসপাতালের ড. এদুইগ ক্যাসপার বলেন, অনেক শিশু ক্যানসারে আক্রান্ত হয়েছে। কেউ কেউ দুই ধরনের ক্যানসারেও ভুগেছে। খুব অল্প বয়সেই কয়েকজন মারা গেছে।

 ঝুঁকিপূর্ণ শুক্রাণু অগ্রহণযোগ্য
ফ্রান্সের সেলিন (ছদ্মনাম) নামের এক নারী ১৪ বছর আগে ওই দাতার শুক্রাণু দিয়ে সন্তানের জন্ম দেন। তিনি বলেন, তার মেয়ের শরীরে ওই জিন পাওয়া গেছে। বেলজিয়ামের ক্লিনিক তাকে ফোন করে দ্রুত পরীক্ষা করাতে বলেছে। দাতার প্রতি কোনও ক্ষোভ নেই জানালেও তিনি বলেন, ‌‌ঝুঁকিপূর্ণ, নিরাপদ নয়; এমন শুক্রাণু আমাকে দেওয়া অগ্রহণযোগ্য। সামনে কী অপেক্ষা করছে, তা নিয়ে তিনি শঙ্কিত। সেলিন বলেন, ‌‌আমরা জানি না কোন ক্যানসার, কখন হবে, কতবার হবে। সম্ভাবনা খুবই বেশি। হলে লড়াই করব; একাধিকবার হলেও।

 ১৪ দেশের ৬৭ ক্লিনিকে ব্যবহার হয়েছে শুক্রাণু
ওই এক দাতার শুক্রাণু ১৪ দেশের ৬৭টি ক্লিনিকে ব্যবহার করা হয়েছে। যুক্তরাজ্যে বিক্রি না হলেও ডেনমার্কে চিকিৎসা নিতে যাওয়া কিছু ব্রিটিশ নারী ওই দাতার শুক্রাণু কিনেছেন। যুক্তরাজ্যের ফার্টিলিটি কর্তৃপক্ষ (এইচএফইএ) বলেছে, ব্রিটিশ নারীদের ওই দাতার শুক্রাণু পাওয়ার সংখ্যা ‌‌অত্যন্ত কম। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। দাতার শুক্রাণু কতবার ব্যবহার করা যাবে; এ বিষয়ে বিশ্বের কোনও দেশেই সুনির্দিষ্ট কোনও আইন নেই। যদিও প্রত্যেক দেশে দাতার শুক্রাণু দানের বিষয়ে নিজস্ব সীমারেখা থাকে। অনুসন্ধানে দেখা যায়, বেলজিয়ামসহ বেশ কয়েকটি দেশে নির্ধারিত সীমা লঙ্ঘন করা হয়েছে। বেলজিয়ামে একজন দাতার শুক্রাণু সর্বোচ্চ ছয় পরিবার ব্যবহার করতে পারে। কিন্তু ওই দাতার মাধ্যমে ৩৮ নারী ৫৩ সন্তানের জন্ম দিয়েছেন। আর যুক্তরাজ্যের ক্ষেত্রের একজন দাতার শুক্রাণুর সীমা সর্বোচ্চ ১০ পরিবার।

 বিশেষজ্ঞদের সতর্কতা: সবকিছু পরীক্ষা করা সম্ভব নয়
ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালান পেসি বলেন, আন্তর্জাতিক স্পার্ম ব্যাংকের ওপর নির্ভরশীলতা বৃদ্ধি পাওয়ায় একই দাতার শুক্রাণু বিভিন্ন দেশে ব্যবহার হচ্ছে।আর এখানেই ঝুঁকি তৈরি হচ্ছে। তিনি বলেন, এটি সংশ্লিষ্ট সবার জন্যই ভয়াবহ। কিন্তু সব রোগ পরীক্ষা করা অসম্ভব। অত্যন্ত কঠোর স্ক্রিনিং করলে হয়তো দাতা পাওয়া যাবে না। এই ঘটনা এবং আগের এক দাতার ৫৫০ সন্তানের জন্ম দেওয়ার ঘটনায় আবারও কঠোর সীমা নির্ধারণের দাবি উঠেছে। ইউরোপিয়ান সোসাইটি অব হিউম্যান রিপ্রোডাকশন অ্যান্ড এমব্রিয়োলজি সম্প্রতি প্রতি দাতায় ৫০ পরিবারের সীমা প্রস্তাব করেছে। তবে সংগঠনটি বলছে, এতে বিরল জিনগত রোগের ঝুঁকি কমবে না; বরং অসংখ্য শিশুদের মানসিক ভালো থাকার প্রশ্নই বেশি গুরুত্বপূর্ণ।

শুক্রাণুদাতা বিবেচনায় কী জানা উচিত
বিশেষজ্ঞদের মতে, দাতার শুক্রাণু ব্যবহার করে জন্ম নেওয়া মোট শিশুর তুলনায় এই ঘটনা অত্যন্ত বিরল। লাইসেন্সপ্রাপ্ত ক্লিনিকে শুক্রাণু ব্যবহারের ক্ষেত্রে ব্যাপক স্ক্রিনিং করা হয়; যা সাধারণ পিতৃত্বের ক্ষেত্রেও হয় না। অধ্যাপক পেসি বলেন, ‌‌আমি জানতে চাইতাম, তিনি স্থানীয় (যুক্তরাজ্যের) দাতা কি না। যদি বিদেশি দাতা হন, তাহলে প্রশ্ন করা যুক্তিসঙ্গত, আগে কতবার ব্যবহার হয়েছে বা ভবিষ্যতে কতবার ব্যবহার করা হবে।

সূত্র: বিবিসি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।