২৪ ঘণ্টা অনলাইন : বলিউডে ফেরার কোনো আগ্রহ নেই রিয়া চক্রবর্তীর। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নানা বিতর্কে নাম জড়ালেও পরে সব অভিযোগ থেকে অব্যাহতি পান তিনি। আর তারপরই এক ভিন্ন পথে হাঁটা; অভিনয় ছেড়ে পুরোপুরি মন দিয়েছেন ব্যবসায়। আর সেই ব্যবসাতেই আয় করেছেন কোটি টাকা! ২০২০ সালের ১৪ জুন সুশান্তের মৃত্যু ঘিরে নির্মম কটাক্ষ ও মামলার মুখোমুখি হয়েছিলেন রিয়া চক্রবর্তী। সেই সময় জীবনের সবচেয়ে কঠিন পর্যায় পার করেন তিনি। অভিযোগ থেকে নিষ্পত্তি পেলেও আর বলিউডে ফেরার সিদ্ধান্ত নেননি। বরং নিজের ব্যবসা গড়ার স্বপ্ন বেছে নেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়া জানিয়েছেন, তার পোশাকের ব্র্যান্ড ‘চ্যাপ্টার টু ড্রিপ’ গত এক বছরে আয় করেছে প্রায় ৪০ কোটি টাকা। জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করার প্রতীক হিসেবেই ব্র্যান্ডের নাম ‘চ্যাপ্টার টু’। ২০২৪ সালের আগস্টে অনলাইন স্টোর চালু করেন রিয়া। পাশাপাশি মুম্বাইয়ের বান্দ্রায় প্রতিষ্ঠা করেন নিজস্ব শোরুম। অল্প সময়েই তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে তার পোশাকের কালেকশন। ব্যবসার পাশাপাশি রিয়া চালিয়ে যাচ্ছেন নিজস্ব পডকাস্ট শো। সেখানে বহু তারকা অতিথি হয়ে এসেছেন। সেই পডকাস্টও হয়ে উঠেছে তার ব্র্যান্ড প্রচারের বড় মাধ্যম। রিয়ার ভাষ্য, সুশান্তের ঘটনার পর ভেঙে পড়লেও নতুন করে এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছিলেন। তখনই সিদ্ধান্ত নেন ব্যবসায় দাঁড়ানোর। মাত্র এক বছরেই ৪০ কোটি টাকার আয়। সেটাই বলে দেয়, অভিনয় ছাড়লেও রিয়া আজ কোটি টাকার মালিক!
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।