২৪ ঘণ্টা অনলাইন : জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯-এর শিরোপা জিতলেন গৌরব খান্না। দীর্ঘ কয়েক সপ্তাহের প্রতিযোগিতা ও নানা নাটকীয়তা শেষে গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর ট্রফি নিজের করে নেন তিনি; পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি ৫০ লাখ রুপি জিতেছেন এই অভিনেতা। রোববার রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো সালমান খান সঞ্চালিত বিগ বসের এবারের আসরের। চূড়ান্ত পর্বে পাঁচজন প্রতিযোগীর মধ্যে লড়াই হয়। তারা হলেন- আমাল মালিক, তানিয়া মিত্তাল, গৌরব খান্না, প্রণীত মোরে এবং ফারহানা ভাট। দর্শকদের ভোট এবং ঘরের ভেতরের কঠিন সব টাস্ক মোকাবিলা করে তারা ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। তবে শেষ হাসি হাসলেন গৌরব। অন্যদিকে ফারহানা ভাট প্রথম রানার-আপ নির্বাচিত হয়েছেন।
ফাইনালের রাতটি ছিল তারকাদের উপস্থিতিতে ভরপুর। নতুন সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’-র প্রচারে মঞ্চে হাজির ছিলেন কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানি লিওন, করণ কুন্দ্রা এবং ভোজপুরি সুপারস্টার পবন সিং। পারফরম্যান্স ও আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পূর্ণতা পায়। বিগ বস ভারতের অন্যতম বিতর্কিত ও জনপ্রিয় রিয়্যালিটি শো হিসেবে পরিচিত। এই শো-তে প্রতিযোগীদের একটি আবদ্ধ ঘরে নির্দিষ্ট সময় কাটাতে হয় এবং প্রতি সপ্তাহে দর্শকদের ভোটের ভিত্তিতে কেউ না কেউ বাদ পড়েন। এর আগের সিজনগুলোতে মুনাওয়ার ফারুকি, তেজস্বী প্রকাশ, দীপিকা কক্কর এবং সিদ্ধার্থ শুক্লার মতো তারকারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।