২৪ঘণ্টা অণলাইন : বছর শেষে দর্শকদের জন্য দারুণ চমক নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী তানজিকা আমিন। আশফাক নিপুণের প্রশংসিত ওয়েব সিরিজ ‘মহানগর টু’-এ অভিনয়ের পর থেকেই আলোচনায় আছেন তিনি। সেই ধারাবাহিকতায় ডিসেম্বরেই দুটি ভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত দুই ওয়েব ফিল্ম—‘ডিমলাইট’ ও ‘অমীমাংসিত’।
মুক্তির আগেই দু’টি কনটেন্ট ঘিরে দর্শক ও সমালোচকদের প্রত্যাশা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নিজেও বেশ উচ্ছ্বসিত তানজিকা। এ অভিনেত্রী বলেন, “বছরের শেষ মাসে দুটি ওয়েব ফিল্ম একসঙ্গে মুক্তি পাওয়া সত্যিই আনন্দের। দুটি কাজেই সম্পূর্ণ ভিন্ন চরিত্রে অভিনয় করেছি। দর্শক কীভাবে গ্রহণ করবেন, সেটাই এখন দেখার বিষয়।”
‘ডিমলাইট’-এ তানজিকাকে দেখা যাবে মধ্যবিত্ত পরিবারের এক গৃহিণীর ভূমিকায়। মিডলাইফ ক্রাইসিসকে কেন্দ্র করে নির্মিত এ গল্পে তার চরিত্রের নাম তানিয়া, আর স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। আগামী ১১ ডিসেম্বর এটি মুক্তি পাবে চরকিতে।
সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী পরিচালিত ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন দুই বছর আগে। সেন্সর জটিলতার কারণে দীর্ঘদিন আটকে থাকলেও এই ডিসেম্বরেই এটি আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে। এখানে তানজিকা হাজির হচ্ছেন একজন সাংবাদিকের চরিত্রে; তার স্বামীর ভূমিকায় রয়েছেন ইমতিয়াজ বর্ষণ।
গল্পের কেন্দ্রবিন্দু এক রাতে সাংবাদিক দম্পতির খুন হওয়া এবং সেই হত্যার রহস্য উদঘাটন। চরিত্রটি নিয়ে তানজিকা বলেন, “সাংবাদিক চরিত্রে অভিনয় করা বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ চরিত্রটি প্রতিষ্ঠিত, আর দর্শকের প্রত্যাশাও অনেক বেশি। ভয় অবশ্য আছে, তবে আত্মবিশ্বাসও আছে। কারণ পুরো টিমই আন্তরিকতার সঙ্গে কাজটি করেছে। আশা করছি, দর্শকের প্রত্যাশা পূরণ করবে।”
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।