২৪ ঘণ্টা অনলাইন: বলিউডের কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ শোতে এখনও অতিথি হিসেবে হাজির হননি শাহরুখ খান। এজন্য ভক্তদের প্রশ্নের মুখে পড়েছিলেন বাদশা। এবার নিজেই কারণ জানালেন এবং রসিক ভঙ্গিতে ক্ষমাও চাইলেন দুই সহশিল্পীর কাছে। মূলত, এই টক শোতে অতিথি না হওয়ার পেছনের কারণ ফাঁস করলেন স্বয়ং শাহরুখ খান। সম্প্রতি এক পডকাস্টারের প্রশ্নের মুখে পড়ে শাহরুখ খান জানান, টক শোয়ে যেতে না পারায় তার খারাপ লেগেছে। তবে তিনি বর্তমানে নতুন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে খুবই ব্যস্ত। এর পাশাপাশি মাঝখানে হাতে চোট পাওয়ায় তিনি সময় বের করতে পারেননি।
এছাড়াও বাদশার আপত্তি ছিল অন্য বিষয়ে! মজা করে বলেন, ‘আমি যেতে চেয়েছিলাম, কিন্তু ওই খাবার খাওয়ার ঝামেলা আছে ওখানে; কারণ ওদের শোয়ে প্রচুর খাবার থাকে।’ শাহরুখ আরও যোগ করেন, ‘না যাওয়ার জন্য কাজল-টুইঙ্কেলের কাছে ক্ষমা চাইছি। আমার সত্যিই যাওয়া উচিত ছিল। তবে নিজে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও প্রায়শ্চিত্ত করার জন্য আমি প্রতিটা পর্ব দেখেছি।’ কাজল ও টুইঙ্কেলের এই শো তাদের বিতর্কিত মন্তব্যের কারণে শুরু থেকেই আলোচনায় রয়েছে। কখনও দাম্পত্যের মেয়াদ থাকা নিয়ে, আবার কখনও স্বামীদের পরকীয়ায় সমর্থন করে বিতর্কের জন্ম দিয়েছেন দুই সঞ্চালিকা। এমন বিতর্ক সত্ত্বেও শাহরুখ খান যে শোয়ের প্রতি আগ্রহী, তা তার কথায় স্পষ্ট। উল্লেখ্য, সম্প্রতি লন্ডনে শাহরুখ-কাজল অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র রাজ-সিমরনের আদলে ব্রোঞ্জের মূর্তি উদ্বোধন হয়। সেই প্রেক্ষাপটেই দুই বন্ধুর এই আড্ডাটি জমে ওঠে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।