শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে নচিকেতা, হৃদযন্ত্রে বসানো হলো দুটি স্টেন্ট

প্রকাশিত - ০৭ ডিসেম্বর, ২০২৫   ০৬:৪১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। গত শনিবার রাতে বুকে অস্বস্তি অনুভব করলে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার হৃদযন্ত্রে দুটি স্টেন্ট বসানো হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন গায়ক। পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে টানা সংগীত অনুষ্ঠানের কারণে শারীরিক ধকল যাচ্ছিল ৬১ বছর বয়সী এই গায়কের ওপর। শনিবার রাত ২টার দিকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃদযন্ত্রে সমস্যা শনাক্ত করেন এবং দ্রুত দুটি স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচার শেষে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, এই অসুস্থতার কারণে রোববার (৭ ডিসেম্বর) আসানসোলে নির্ধারিত একটি কনসার্ট বাতিল করেছেন নচিকেতা। শুধু তাই নয়, আগামী কয়েক দিনের সব গানের অনুষ্ঠানও স্থগিত রাখা হয়েছে। শিল্পীর ঘনিষ্ঠ মহল জানিয়েছে, তিনি আগে থেকেই খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণে রাখতেন, তবে সম্প্রতি কাজের চাপে শরীরের ওপর দিয়ে বাড়তি ধকল যাচ্ছিল। উল্লেখ্য, গত দুর্গাপূজার সময় একটি উদ্বোধনী অনুষ্ঠানে নচিকেতার সঙ্গে দেখা হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সেদিন নচিকেতার স্বাস্থ্যের অবনতি দেখে মমতা ব্যানার্জি উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং তাকে নিয়মিত খাওয়ার পরামর্শ দিয়েছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।