২৪ ঘণ্টা অনলাইন : অভিনেত্রী হিসেবে ক্যামেরা বা দর্শকের সামনে নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করাটা স্বাভাবিক। কিন্তু ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর এখন বাহ্যিক সৌন্দর্য, ওজন বৃদ্ধি কিংবা চুল ঝরে যাওয়া এসব দিকে বিন্দুমাত্র মাথা ঘামাতে রাজি নন। তার এখন একটাই লক্ষ্য, যেকোনো মূল্যে একমাত্র শিশুসন্তানের জন্য সুস্থ হয়ে ওঠা।
সম্প্রতি অভিনেত্রীর নিজস্ব ইউটিউব চ্যানেলে এক আলাপচারিতায় এসেছিলেন সহ-অভিনেত্রী রশ্মি দেশাই। সেখানেই উঠে আসে দীপিকার ব্যক্তিগত জীবনের কঠিন এক অধ্যায় ক্যানসারের সঙ্গে তার নিরন্তর লড়াইয়ের কথা।
এই কথোপকথনে হিন্দি ধারাবাহিক ‘শ্বশুরাল সিমরন কা’ খ্যাত এই তারকা জানান, চিকিৎসার কারণে তার চুল ঝরে যাচ্ছে এবং ওজনও দ্রুত বাড়ছে। কিন্তু তার কাছে এখন বাহ্যিক সৌন্দর্য মূল্যহীন।
ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়ে দীপিকা বলেন, ‘প্রথম যখন জানলাম, আমার ক্যানসার হয়েছে, চোখের সামনে শুধু ছেলের মুখটাই ভেসে উঠেছিল। চিকিৎসার জন্য যখন হাসপাতালে ভর্তি হতে যাচ্ছিলাম, সেই প্রথম ছেলেকে সঙ্গে নিতে পারিনি।’
তার কথায়, ‘তাকে মায়ের কাছে রেখে যেতে হয়েছিল। এক বছরের শিশু মাকে না পেয়ে সেদিন অঝোরে কাঁদছিল। সেই দৃশ্য দেখে আমার কষ্টে বুক ফেটে গিয়েছিল।’ শুধু দীপিকা নন, তার স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিমও সে সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
পরে দুজনে মিলে সিদ্ধান্ত নেন শরীরে যে রোগই হোক না কেন, অভিনেত্রীকে সুস্থ হতেই হবে। বর্তমানে এই সংকল্প নিয়েই দীপিকা কক্কর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। অসুস্থতা ও জীবনের এই কঠিন সময়ে পরিবারের সব সদস্য তার পাশে রয়েছেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।