২৪ঘণ্টা অনলাইন : কয়েক দিন আগেই শবনম বুবলীর সঙ্গে সরকারি অনুদানের সিনেমা ‘শাপলা শালুক’–এর শুটিং শেষ করেছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। রাশেদা আক্তার লাজুক পরিচালিত সেই সিনেমার পর এবার তিনি যুক্ত হলেন নতুন আরেক প্রজেক্টে। নতুন এ সিনেমার নাম ‘দুর্বার’, আর এতে সজলের নায়িকা হচ্ছেন ঢালিউড তারকা অপু বিশ্বাস।
আসছে ১৬ ডিসেম্বর শুরু হবে ‘দুর্বার’-এর শুটিং। সিনেমাটি পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। নির্মাতা ফুয়াদ জানান, “দুর্বার’ হবে থ্রিলার ও মার্ডার–মিস্ট্রি ঘরানার সিনেমা। তবে এখনই গল্পের বিস্তারিত জানাতে চান না তিনি। তার লক্ষ্য—১৬ ডিসেম্বর থেকে একটানা শুটিং করে সিনেমাটির দৃশ্যধারণ সম্পন্ন করা। এতে আরও অভিনয় করছেন জান্নাতুল নূর, সানজু জনসহ আরও কয়েকজন।”
শোনা যাচ্ছে, আগামী বছর কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে নির্মাতার ভাষায়, “আগে সিনেমার কাজ ভালোভাবে শেষ করতে চাই। তারপরই মুক্তির তারিখ ঘোষণা করব। ইচ্ছা আছে কোনো উৎসবে মুক্তি দেওয়ার, কিন্তু তাড়াহুড়ো করতে চাই না। দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দেওয়াই মূল লক্ষ্য।”
ইতোমধ্যে ‘দুর্বার’-এর অভিনয়শিল্পীরা রিহার্সালে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পুরো প্রস্তুতি নিয়েই ক্যামেরার সামনে দাঁড়াতে চান সজল ও অপু। শুটিং শুরুর আগে ১৪ ডিসেম্বর তাঁদের আনুষ্ঠানিক ফটোশুট হবে।সিনেমার পাশাপাশি ডাবিং শিল্পী হিসেবেও বেশ ব্যস্ত সময় পার করছেন সজল। বর্তমানে তিনি একাধিক বিদেশি সিরিয়ালের ডাবিংয়ের কাজ করছেন, যা করতে পেরে তিনি বেশ উপভোগ করছেন বলে জানিয়েছেন।অন্যদিকে, সম্প্রতি জানা গেছে অপু বিশ্বাস আরেক নতুন সিনেমায় অভিনয় করছেন—বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’। এতে তার নায়ক আদর আজাদ। ‘দুর্বার’ শেষ করেই ‘সিক্রেট’-এর শুটিং শুরু করবেন তিনি।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।