২৪ ঘণ্টা অনলাইন : ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস নতুন একটি সিনেমায় যুক্ত হলেন। ‘দুর্বার’ নামের এই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজলকে। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে সিনেমাটির শুটিং- এমনই খবর মিলল। কামরুল হাসান ফুয়াদ পরিচালিত এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন সজল ও অপু বিশ্বাস। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এ প্রসঙ্গে নির্মাতা ফুয়াদ গণমাধ্যমে জানিয়েছেন, ‘দুর্বার’ একটি থ্রিলার ও মার্ডার-মিস্ট্রি ঘরানার সিনেমা। তবে এখনই গল্পের বিস্তারিত জানাতে নারাজ তিনি। নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর থেকে একটানা শুটিং করে সিনেমাটির দৃশ্যধারণ শেষ করা হবে।
জানা গেছে, পুরোদমে চলছে প্রস্তুতি শুটিং ফ্লোরে যাওয়ার আগে কোনো খামতি রাখতে চান না শিল্পীরা। তাই সজল ও অপু বিশ্বাসসহ অন্য কলাকুশলীরা বর্তমানে রিহার্সালে ব্যস্ত সময় পার করছেন। মূল শুটিং শুরুর আগে আগামী ১৪ ডিসেম্বর তাদের নিয়ে একটি আনুষ্ঠানিক ফটোশুট করা হবে বলে শোনা যাচ্ছে। এই সিনেমায় অপু ও সজল ছাড়াও অভিনয় করছেন জান্নাতুল নূর, সানজু জনসহ আরও কয়েকজন। সবকিছু ঠিক থাকলে আগামী বছর কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অপু-সজল জুটির ‘দুর্বার’। এদিকে, ‘দুর্বার’ ছাড়াও অপু বিশ্বাসের হাতে রয়েছে আরও নতুন কাজ। বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, যেখানে তার নায়ক আদর আজাদ। ‘দুর্বার’-এর কাজ শেষ করেই তিনি ‘সিক্রেট’-এর শুটিংয়ে যোগ দেবেন বলে জানা গেছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।