২৪ ঘণ্টা অনলাইন : দীর্ঘ ছয় বছরের বিরতি ভেঙে ছোট পর্দায় ফিরেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়া সরকার। সম্প্রতি 'মিলন হবে কত দিনে' নামের এক নতুন ধারাবাহিকে নায়কের বোনের চরিত্রে তাকে দেখতে পাচ্ছেন দর্শক। তবে এই দীর্ঘ বিরতির নেপথ্যে ছিল এক কঠিন ব্যক্তিগত সংগ্রাম, যা এবার প্রকাশ করলেন অভিনেত্রী। একসঙ্গে অনেক কাজ না করার নীতিতে বিশ্বাসী অলিভিয়া। তাই শেষ ধারাবাহিক 'জয়ী'-এরপর টানা ছয় বছর ছোট পর্দা থেকে দূরে থাকার সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ তার নিজের। এই সময়ে তিনি বিভিন্ন ধরনের কাজ করলেও, সিরিয়ালে আর কাজ করেননি।
ভারতীয় গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘কাজ করতে করতে মনে হচ্ছিল, আমি যেন একটা মেশিনের মতো কাজ করছি। নিজের জন্য সময় পাচ্ছিলাম না। তাই তখন ছোট পর্দায় কাজ না করার কঠিন সিদ্ধান্তটা নিয়েছিলাম।’ তবে এই সিদ্ধান্তের ফলশ্রুতিতে তাকে পড়তে হয় আর্থিক সংকটে। ছোটপর্দার কাজ আর্থিক স্বচ্ছলতা দিলেও, সেই পথ ছেড়ে দেওয়ায় জীবনে নেমে আসে চরম দুরবস্থা। তার কথায়, ‘খুব অসুবিধা হয়েছিল। আমি একটি ফ্ল্যাট কিনেছিলাম। কিন্তু দেড় বছরের বেশি সেটি ভোগ করতে পারিনি। বাধ্য হয়ে বিক্রি করে দিতে হয়।’
আর্থিক সংকটের সময়েও তার ব্যক্তিগত চাপ আরও বাড়ে অসুস্থ মাকে নিয়ে। তিনি বলেন, ‘মায়ের শরীর ভালো নেই। টাকা পাঠানোর দরকার ছিল। কিন্তু এই পরিস্থিতিতে পর্যাপ্ত টাকা পাঠাতে পারিনি।’ তিনি আরও বলেন, ‘তাও জেদ ধরে ছিলাম। দেখছিলাম পারি কিনা। এই সময়টা পার করতে পারলে, আমি জানতাম যে কোনও পরিস্থিতিতে উতরে যেতে পারব। সমস্যায় পড়লেও, অদ্ভুত এক শান্তিতে ছিলাম।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।