২৪ ঘণ্টা অনলাইন : ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত দুটি সিনেমা ‘বরবাদ’ এবং ‘অন্তরাত্মা’ গত ঈদ-উল-ফিতরে মুক্তি পেয়েছিল । এর মধ্যে ‘বরবাদ’ যেমন বক্স অফিসে সুপারহিট তকমা পেয়েছে, তেমনি প্রয়োজনীয় প্রচারণার অভাবে দর্শক টানতে ব্যর্থ হয় ‘অন্তরাত্মা’। কার্যত মুখ থুবড়ে পড়ে ছবিটি। কোনো প্রকার প্রচারণা ছাড়াই কয়েক বছর আগের নির্মিত সিনেমাটি হঠাৎ প্রেক্ষাগৃহে আসায় দর্শক তা সেভাবে গ্রহণ করেননি। তবে এবার ভিন্ন পথে হাঁটছে সিনেমাটি। খুব শিগগিরিই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত এই ছবি। আগামী বৃহস্পতিবার থেকে সিনেমাটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ দেখা যাবে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক।
‘অন্তরাত্মা’ সিনেমাটির শুটিং হয়েছিল চার বছর আগে ২০২১ সালে। ওই বছরের রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও অজানা কারণে তা আটকে যায়। এই বছর রোজার ঈদে হঠাৎ করেই সিনেমাটির মুক্তির ঘোষণা আসে। তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘অন্তরাত্মা’ প্রযোজনা করেছেন সোহানী হোসেন। এতে শাকিব খান ও দর্শনা বণিক ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরীর মতো গুণী অভিনেতারা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।