২৪ ঘণ্টা অনলাইন : ইরানের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সঙ্গে দেওয়া হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞাও। গত সোমবার পানাহির আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির। তবে এ রায় ঘোষণার দিনেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছিলেন জাফর পানাহি; মূলত গথাম অ্যাওয়ার্ডস-এ তার নতুন ছবি ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’- এর তিনটি পুরস্কার নিতে। এদিন সেরা পরিচালকের পুরস্কারসহ সেরা চিত্রনাট্য ও সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের সম্মাননা অর্জন করেন জাফর পানাহি। আর সিনেমাটির অস্কার মনোনয়ন পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
তবে ৬৫ বছর বয়সী পানাহি এর আগে দুই দফা কারাবন্দি হয়েছেন। ইরানে তার ওপর আগে থেকেই চলচ্চিত্র নির্মাণে নিষেধাজ্ঞা ও ভ্রমণ সীমাবদ্ধতা ছিল। নতুন দণ্ড ঘোষণার আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। গথাম অ্যাওয়ার্ডস মঞ্চে পানাহি নতুন সাজা নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে তিনি সেই সব নির্মাতাদের প্রতি শ্রদ্ধা জানান, যারা নীরবে, কোনো সহায়তা ছাড়াই নিজেদের সবকিছু ঝুঁকির মুখে ফেলে। উল্লেখ্য, ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ সিনেমাটি ইরানে থাকাকালে সরকারের চাপ ও নজরদারি এড়িয়ে গোপনে নির্মাণ করেন জাফর পানাহি। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে এই সিনেমার জন্য সবচেয়ে বড় পুরস্কার স্বর্ণপাম জিতেছেন এই নির্মাতা। তবে সমালোচকদের মতে, জাফর পানাহির জীবন যেন ইরানের সংস্কৃতি ও রাজনৈতিক টানাপড়েনের জ্বলজ্যান্ত প্রতিচ্ছবি।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।