২৪ ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কাজের সময় নিয়ে যে দাবি তুলেছিলেন, তা নিয়ে বলিউড থেকে টলিউড পর্যন্ত বিতর্কের ঢেউ থামছে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, তিনি কোনোভাবেই আট ঘণ্টার বেশি কাজ করবেন না। এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং পক্ষে-বিপক্ষে নানা আলোচনা তৈরি হয়। কেউ কেউ এটিকে পেশাদারিত্বের অভাব বললেও, অনেকে এটিকে কর্মীদের অধিকার হিসেবে সমর্থন করেন।তবে এই বিতর্কের মাঝেই এবার নীরবতা ভাঙলেন বলিউডের 'ড্যান্সিং কুইন' খ্যাত বর্ষীয়ান অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তার অকপট স্বীকারোক্তি যেন দীপিকার দাবিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলল।
সম্প্রতি বার্তা সংস্থা এএনআই-এর সাক্ষাত্কারে মাধুরী দীক্ষিত তার কাজের প্রতি ভালোবাসা ও নিষ্ঠার কথা তুলে ধরেন। তিনি জানান, আসন্ন সিনেমা ‘মিসেস দেশপান্ডে’র শুটিং চলাকালীন তাকে প্রায় প্রতিদিনই ১২ ঘণ্টারও বেশি সময় ধরে সেটে থাকতে হয়েছে। মাধুরী বলেন, ‘যখন ‘মিসেস দেশপান্ডে’ ছবিটির শুটিং চলছিল, তখন প্রায় প্রতিদিন ১২ ঘণ্টারও বেশি কাজ করতাম। আমি প্রত্যেককেই নিজের মতো ভাবি। আমি ভীষণ ওয়ার্কহোলিক। কাজ ছাড়া কিছু বুঝি না আমি।’ তবে কাজের সময়সীমা নিয়ে ব্যক্তিগত পছন্দের ক্ষেত্রে সহকর্মীদের প্রতিও শ্রদ্ধাশীল মাধুরী। তার কথায়, ‘হয়তো আমি অনেকটাই আলাদা। কিন্তু কারো যদি ক্ষমতা থাকে যে তিনি নির্দিষ্ট সময়ের বেশি কাজ করতে চান না, সে কথা তিনি বলতেই পারেন। প্রত্যেকের নিজের জীবন রয়েছে এবং নিজেদের কথা বলার অধিকারও রয়েছে।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।