২৪ ঘণ্টা অনলাইন : হঠাৎই নতুন রূপে ধরা দিলেন ছোটপর্দার জনপ্রিয় জুটি জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা। দর্শকদের মাঝে এই লুক রীতিমতো সৃষ্টি করেছে নানা কৌতূহলও! সম্প্রতি এই দুই তারকাকে সামাজিক মাধ্যমে রাজকীয় সাজপোশাকে দেখা গেছে। তাদের পরনে ছিল জমকালো ঐতিহ্যবাহী পোশাক, যা দেখে ভক্তদের মনে হয়েছে যেন সম্রাট-সম্রাজ্ঞী! গত রোববার পারসা ইভানা তার ভেরিফায়েড পেজে এই ছবিটি শেয়ার করার পর থেকেই মন্তব্যের ঘরে ভক্তদের কৌতূহলী মন্তব্য উপচে পড়ছে। বিশেষ করে অনেকেই যুগল হিসেবে তাদের এই রসায়নের প্রশংসা করেছেন। তবে জানা গেছে, কোনো নতুন নাটক বা ওয়েব ফিল্মের জন্য নয়, বরং খুব শীঘ্রই পলাশ ও ইভানাকে একটি পানীয় পণ্যের নতুন বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে। সামাজিক মাধ্যমে প্রকাশিত এই ছবিটি ছিল সেই বিজ্ঞাপনচিত্রেরই বিশেষ লুক। উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘কাবিলা’ ও ‘ইভা’ চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন এই জুটি।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।