২৪ ঘণ্টা অনলাইন : ওপার বাংলার নায়ক দেব এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর পুরোনো সম্পর্ক আলোচনায় আসায় দেবের বান্ধবী রুক্মিণী মৈত্রকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। অবশেষে এই বিষয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তার দাবি, দেব-শুভশ্রীকে নিয়ে এসব আলোচনা তৈরির মাধ্যমে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছে। চলতি বছরের মাঝামাঝিতে মুক্তি পায় দেব ও শুভশ্রীর প্রায় দশ বছর আগে শুটিং শেষ হওয়া চলচ্চিত্র ‘ধূমকেতু’। প্রযোজনা জটিলতায় এত দিন আটকে থাকার পর অবশেষে এটি মুক্তি পাওয়ায় দেব-শুভশ্রী জুটির ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
তবে ছবি মুক্তির আগে থেকেই বিতর্ক শুরু হয় দেব ও শুভশ্রীর একসঙ্গে প্রচারণায় আসা নিয়ে। শেষ পর্যন্ত তারা এক মঞ্চে ট্রেলার লঞ্চ করেন এবং পুরোনো জনপ্রিয় গানে একসঙ্গে পারফর্ম করেন। এরপর তারা মন্দিরেও একসঙ্গে পূজা দেন। এই ঘটনাগুলোর পরই দেব-শুভশ্রীর পুরোনো প্রেম নিয়ে আলোচনা আবারও তুঙ্গে ওঠে। এর ফলে নেটিজেনরা দেব ও শুভশ্রীকে পুনরায় এক হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্র এবং শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীকেও নানা কটূক্তির শিকার হতে হয়।
সে প্রেক্ষাপটে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রুক্মিণী মৈত্র এই পরিস্থিতি নিয়ে কথা বলেন। কীভাবে এই বিতর্ক তাকে প্রভাবিত করেছিল, এমন প্রশ্নের উত্তরে জানান, এসব তাকে প্রভাবিত করেনি। তিনি বলেন, ‘যা রটছে তার সবটাই মিথ্যা। সেই মিথ্যেকে প্রাধান্য দিয়ে মন খারাপ করার কোনো মানে হয় না। তাহলে তো আমি নিজে বোকা। একটা ট্র্যাপের (ফাঁদের) মধ্যে আমাকে বারবার ফেলার চেষ্টা করা হয়, আর আমি নিজে যদি সেখানে ধরা দিই তাহলে বোকাটা কে হলো? আমি।’ রুক্মিণী আরও জানান, সামাজিক মাধ্যমে মন্তব্যের ক্ষেত্রে নিয়ন্ত্রণ তার নিজের হাতেই থাকে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।