২৪ ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে বিয়ের ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের বিতর্কিত ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আবদুল কাভি। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি এই ইচ্ছা প্রকাশ করেন এবং দাবি করেন, স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদ হলেই অভিনেত্রী তাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মুফতি কাভি সেই পডকাস্টে বলেছেন- অভিষেক ও ঐশ্বরিয়ার দাম্পত্য জীবনে নানা সমস্যা চলছে বলে তিনি অবগত। তার দাবি, ‘তাদের বিচ্ছেদ হয়ে গেলেই ঐশ্বরিয়া আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবে। তবে আমি কখনোই চাই না যে তাদের বিচ্ছেদ হোক। কিন্তু যদি সত্যিই তাদের মধ্যে এরকম কিছু হয়, তাহলে নিশ্চয়ই ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন।’
পডকাস্টের সঞ্চালক প্রশ্ন করেন, একজন অমুসলিমকে কীভাবে তিনি বিয়ে করবেন? এর উত্তরে কাভি জানান, ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করে তার নাম রাখা হবে ‘আয়েশা’। তিনি বলেন, ‘ঐশ্বরিয়া রাইয়ের মতো একজন সুন্দরী নিজের নাম হিসেবে লিখবেন আয়েশা রাই। এটা দেখে আমার সত্যিই মজা লাগবে।’ পাকিস্তানের ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আবদুল কাভি এর আগেও বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় এসেছেন। ঐশ্বরিয়া রাইকে নিয়ে এমন মন্তব্য করার আগে তিনি ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তকে নিয়েও মন্তব্য করেছিলেন। কাভি দাবি করেন, তার উপদেশ মেনেই রাখি ধর্ম পরিবর্তন করে নাম রেখেছেন ‘ফাতিমা’। এর আগে রাখিকেও বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।