২৪ ঘণ্টা অনলঅইন : ৫৬ বছর বয়সেও সুঠাম ও ছিপছিপে শারীরিক গঠনের রহস্য ফাঁস করলেন ভারতীয় অভিনেতা মনোজ বাজপেয়ী। দীর্ঘ ১৪ বছর ধরে তিনি রাতে খাবার খান না তিনি। কারণ দুপুরে খাবারের পরই তার বাড়ির রান্নাঘরে তালা দিয়ে রাখেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার এমন জীবনযাপনের রহস্য ফাঁস করলেন ফ্যামিলি ম্যান খ্যাত অভিনেতা। মূলত, ফিটনেস বজায় রাখা এবং শরীর সুস্থ রাখতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দিনের বেলায় নাশতা ও দুপুরের খাবার পর্যাপ্ত পরিমাণে খেলেও, বিকেল ৩টার পর থেকে পরবর্তী ১২ ঘণ্টা তিনি আর কিছু মুখে দেন না।
মনোজ বাজপেয়ী জানান, তিনি তার দাদুকে দেখে অনুপ্রাণিত হয়েছেন। দাদুর মতো ছিপছিপে শরীর ধরে রাখার ইচ্ছাতেই তিনি রাতের খাবার এড়িয়ে চলেন। তিনি বলেন, 'প্রায় ১৪ বছর ধরে রাতে আমি খাই না। দুপুরে খাবারের পর আমাদের বাড়ির রান্নাঘর বন্ধ হয়ে যায়।' তবে তার মেয়ে বাড়িতে এলে নৈশভোজের এই নিয়মের ব্যতিক্রম হয়। 'ফ্যামিলি ম্যান' ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতা তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন। ৫৬ বছর বয়সেও তার তারুণ্য ধরে রাখার পেছনে এই জীবনযাপন পদ্ধতিকেই মূল কারণ বলে মনে করছেন অনেকে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।