২৪ ঘণ্টা অনলাইন : বিচ্ছেদ এবং আইনি জটিলতার জেরে বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। দীর্ঘদিন ধরেই তার বিবাহবিচ্ছেদের খবর নিয়ে সংবাদমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। স্বামী পিটার হাগের সঙ্গে চলমান আইনি লড়াইয়ের খবর প্রকাশ করার সময় সন্তানদের ছবি না ছাপানোর জন্য গণমাধ্যমকে আন্তরিক অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় সেলিনা বলেন, ‘আমার স্বামীর সঙ্গে আইনি লড়াই চলছে। সেই খবর প্রকাশের সময় আমার সন্তানদের ছবি দয়া করে সামনে আনবেন না। ওদের অন্তত রেহাই দিন।’ পিটার হাগ এবং সেলিনা জেটলি ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১২ সালে তাদের প্রথম যমজ সন্তান হয়। এরপর ২০১৭ সালে এই দম্পতির দ্বিতীয়বার যমজ সন্তান হয়। যদিও দ্বিতীয় যমজদের একজনের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। বর্তমানে এই দম্পতির তিন সন্তান রয়েছে। এদিকে নিজের ব্যক্তিগত জীবনের এই কঠিন পরিস্থিতিতে একাকী একজন নারীর লড়াই নিয়ে মুখ খুলেছেন সেলিনা। তিনি লেখেন, ‘একাকী এক নারী বিদেশে আইনি লড়াই লড়ছে! কারণ, তার নিজের বলতে কেউ নেই। মা-বাবা বা স্বামী যিনি আজীবন আগলে চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনিও নেই।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।