২৪ ঘণ্টা অনলাইন : টলিউড সুপারস্টার দেব ও নায়িকা রুক্মিণী মৈত্রর সম্পর্ক নিয়ে বহু বছর ধরে চলছে তুমুল চর্চা। পর্দায় এবং বাস্তবেও এই জুটির রসায়ন নিয়ে অনুরাগীদের আগ্রহের যেন শেষ নেই। তাদের প্রেমের গল্প, একসঙ্গে একাধিক চলচ্চিত্রে কাজ করা, এমনকি দুই পরিবারের অনুষ্ঠানেও তাদের নিয়মিত উপস্থিতি সবকিছুই বারবার ইঙ্গিত দেয় তাদের গভীর সম্পর্কের। কিন্তু কবে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন? এই প্রশ্নটিই যেন তাদের পিছু ছাড়ে না। এই তারকা জুটিকে যেখানেই দেখা যায়, সেখানেই ভক্ত ও সংবাদমাধ্যম থেকে এই প্রশ্ন ঘুরেফিরে আসে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এক অনুরাগীর কাছ থেকে আবারও একই প্রশ্নের মুখোমুখি হন রুক্মিণী মৈত্র।
বিয়ে সংক্রান্ত প্রশ্ন শুনে নায়িকা বেশ মজার ছলেই জবাব দেন। তিনি বলেন, ‘যে দিন আমাদের সবাই এই প্রশ্ন করা বন্ধ করে দেবে, সে দিন আমরা হঠাৎ করেই সকলকে চমকে দেব। সবাই তখন খুবই আশ্চর্য হয়ে যাবে।’ অন্যদিকে, এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি টলিউডের 'সালমান খান'? অর্থাৎ ভাইজানের মতো তিনিও কি আজীবন ব্যাচেলর জীবন কাটানোর পরিকল্পনা করছেন? উত্তরে দেব যা বলেছেন, তা রীতিমতো চমকে দেওয়ার মতো। দেব বলেন, ‘আমি কোনো খান হতে চাই না। দেব হয়েই আমি বেশ ভালো আছি। যেখানে আছি, যার সঙ্গে আছি, বেশ ভালোই আছি। তবে এর মানে এই নয় যে আমি আজীবন সিঙ্গল ব্যাচেলর লাইফ লিড করব। বিয়ে সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। তবে আমি যে বিয়ে করতে চাই না, এমনটা নয়। অবশ্যই করব। বর্তমানে এ নিয়ে একটি গোপন পরিকল্পনা চলছে, খুব সবাই সেই বিষয়ে জানতে পারবে।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।