২৪ ঘন্টা অনলাইন : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সম্প্রতিই তার নতুন ছবি ‘ঈথা’-এর শুটিং সেটে গুরুতর আহত হয়েছিলেন। নাচের দৃশ্য করার সময় ভারসাম্য হারিয়ে তিনি পায়ের পেশিতে মারাত্মক চোট পান। চিকিৎসক তাকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ারও পরামর্শ দিয়েছিলেন। কিন্তু, প্রযোজকের ক্ষতির কথা চিন্তা করে তিনি সেই পরামর্শ উপেক্ষা তো করলেনই, আহত অবস্থাতেই শুটিং স্পটে ফিরলেন। এর আগে এই সিনেমার একটি গানের দৃশ্যের শুটিং চলার সময় আহত হন শ্রদ্ধা। অজয়-অতুলের সুরে তৈরি এই গানে ভারী গয়না ও পোশাকে সেজেছিলেন শ্রদ্ধা। দ্রুত লয়ের নাচের সময় হঠাৎই তিনি নিয়ন্ত্রণ হারান। শরীরের পুরো ভার বাঁ পায়ের ওপর পড়লে সঙ্গে সঙ্গে মেঝেতে লুটিয়ে পড়েন অভিনেত্রী।
এই আঘাতের ফলেই তিনি পা নাড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেন। প্রথমে পা ভেঙে যাওয়ার গুঞ্জন ছড়ালেও, পরে জানা যায় তিনি পেশিতে গুরুতর চোট পেয়েছেন।দুর্ঘটনা ঘটার পরপরই প্রযোজনা সংস্থা ও পরিচালক শ্রদ্ধার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে শুটিং বাতিল করে দেন। কিন্তু শ্রদ্ধা নিজেই শুটিং জারি রাখার অনুরোধ জানান। প্রযোজনা সংস্থার তরফ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, অভিনেত্রী এই লোকসানের সময়ে চুপচাপ বসে থাকতে চাইছেন না। তার অনুরোধ, নাচের দৃশ্য বা দাঁড়িয়ে শুটিং করতে না পারলেও, ক্লোজ-আপ বা ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংগুলো চালানো যাক। উল্লেখ্য, চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করে কাজ করার ঘটনাটিই এখন বলিউডে তার পেশাদারিত্বের নজির হিসেবে আলোচনা হচ্ছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।