শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল শিক্ষকের ছেলে থেকে বলিউডের ‘হি-ম্যান’

প্রকাশিত - ২৪ নভেম্বর, ২০২৫   ০৪:৫৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দীর্ঘ ছয় দশকের বর্ণিল ক্যারিয়ার শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন ধর্মেন্দ্র। যার পুরো নাম ধর্মেন্দ্র কেওয়াল কৃষ্ণন দেওল। অথচ তার শুরুটা ছিল চরম অনিশ্চয়তার। প্রথম সিনেমায় পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন মাত্র ৫১ টাকা! লুধিয়ানার সাহনেওয়ালের সাধারণ এক স্কুল শিক্ষকের সন্তান থেকে ভারতীয় সিনেমার কিংবদন্তি হয়ে ওঠার সেই গল্প হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও।

ধর্মেন্দ্রর বাবা ছিলেন পেশায় স্কুল শিক্ষক। তিনি চাইতেন ছেলে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হোক। কিন্তু ছেলের মন পড়ে থাকত স্বপ্নের নায়ক দিলীপ কুমারের দিকে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দিলীপ কুমার ভাবতেন, স্বপ্ন দেখতেন বড় পর্দার তারকা হওয়ার। বাবার ঘোর আপত্তি থাকলেও ছেলের স্বপ্নের সারথি হয়েছিলেন মা। মূলত মায়ের প্রশ্রয়েই ফিল্মফেয়ার ট্যালেন্ট হান্টে অংশ নেন ধর্মেন্দ্র এবং বিজয়ীর মুকুটও ছিনিয়ে আনেন।  এরপর মায়ের অনুমতি নিয়েই পাড়ি জমান স্বপ্নের শহর মুম্বাইয়ে। ১৯৬০ সালে ‘দিল ভি তেরা, হম ভি তেরে’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন ধর্মেন্দ্র। এক রিয়্যালিটি শোয়ের মঞ্চে নিজের প্রথম আয়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানিয়েছিলেন এক বিস্ময়কর তথ্য। 

তার কথায়, ‘সেই ছবির শুটিংয়ে তিনজন প্রযোজক ছিলেন। তিনটি আলাদা কেবিনে বসতেন তারা। আমাকে মাঝখানের কেবিনে বসানো হতো। অদ্ভুত বিষয় হলো, তিনজন প্রযোজক আলাদাভাবে এসে আমার পকেটে ১৭ টাকা করে গুঁজে দিয়েছিলেন।’ অর্থাৎ প্রথম ছবির নায়ক হিসেবে তার মোট পারিশ্রমিক দাঁড়িয়েছিল মাত্র ৫১ টাকা। সেদিনের সেই ৫১ টাকা পাওয়া তরুণই পরবর্তীকালে নিজের দক্ষতায় গড়ে তুলেছেন বিশাল সাম্রাজ্য। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে হয়ে উঠেছেন বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা।  শুধু নিজেই নন, তার পুরো পরিবারই আজ বলিউডের অবিচ্ছেদ্য অংশ। দুই ছেলে সানি দেওল ও ববি দেওল দাপুটে অভিনেতা।  স্ত্রী ‘ড্রিম গার্ল’ খ্যাত হেমা মালিনী এবং বড় মেয়ে এষা দেওলও অভিনয়ে নিজেদের ছাপ রেখেছেন। বাবার অসম্মতি সত্ত্বেও মায়ের দেওয়া সাহসটুকু সম্বল করেই ধর্মেন্দ্র বলিউডের ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে খোদাই করেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।