শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়তে চায় জার্মানি

প্রকাশিত - ২৪ নভেম্বর, ২০২৫   ০১:৪৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে চায় জার্মানি। ২০৩৫ সালের মধ্যে এই লক্ষ্য পূরণে ইতোমধ্যেই বড় ধরনের পুনর্গঠনে নেমেছে দেশটি। মূলত রাশিয়ার সম্ভাব্য হুমকি ও যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তনের কারণে শক্তিশালী সেনাবাহিনী গড়তে চায় জার্মানি। রোববার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সংবাদমাধ্যমটি বলছে, এ বছর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যারৎস ঘোষণা দিয়েছেন, তিনি ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে চান। তবে জার্মানির মতো এমন এক দেশের ক্ষেত্রে এই লক্ষ্য অর্জন করা সহজ নয়, কারণ তাদের সামরিক বাহিনী বহু বছর ধরে অবহেলার শিকার হয়ে এসেছে। রাশিয়ার সম্ভাব্য হুমকি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির বড় ধরনের পরিবর্তনের প্রেক্ষাপটে সেনাবাহিনী পুনর্গঠনে নতুন গৃহীত আইনটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে জার্মান জোট সরকার।

নতুন সংস্কারের মাধ্যমে ২০৩৫ সালের মধ্যে জার্মান সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ১ লাখ ৮০ হাজার থেকে বাড়িয়ে ২ লাখ ৬০ হাজারে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সঙ্গে আরও ২ লাখ রিজার্ভ বাহিনী যুক্ত করার লক্ষ্যও রয়েছে। শুরুর দিকে নিয়োগ প্রক্রিয়া স্বেচ্ছাসেবী ভিত্তিতে পরিচালিত হবে। যারা সেনাবাহিনীতে যোগ দেবেন তাদের জন্য বাড়তি আর্থিক প্রণোদনা থাকবে। নতুন ব্যবস্থায় সেনাবাহিনীতে যোগ দিলে শুরুর মাসিক বেতন হবে ২৬০০ ইউরো (৩০০০ মার্কিন ডলার), যা বর্তমান বেতনের চেয়ে ৪৫০ ইউরো বেশি। তবে নির্ধারিত কোটা পূরণ না হলে সরকার প্রয়োজনমতো বাধ্যতামূলক ডাকে (ম্যান্ডেটরি কল-আপ) যেতে পারবে। এছাড়া আগামী বছর থেকে সব ১৮ বছর বয়সী তরুণ-তরুণীর কাছে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগ্রহ আছে কি না— এ বিষয়ে একটি প্রশ্নপত্র পাঠানো হবে। পুরুষদের জন্য এটি বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে। ২০২৭ সাল থেকে ১৮ বছর বয়সী পুরুষদের বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষাও দিতে হবে।

জার্মান সরকারের এই উদ্যোগ এমন সময়ে সামনে এসেছে যখন ইউক্রেনে যুদ্ধ চলছে এবং ট্রাম্প প্রশাসন ইউরোপকে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই নিতে বলছে এবং বিশেষজ্ঞরা সতর্ক করছেন, পরবর্তী ধাপে ন্যাটো সদস্য দেশের ওপর আক্রমণ চালাতে পারে রাশিয়া। লন্ডনভিত্তিক থিংক ট্যাংক চ্যাথাম হাউসের ইউরোপ প্রোগ্রামের সহযোগী ফেলো মিন্‌না অল্যান্ডার মনে করেন, ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থানের কারণে জার্মানি এই মহাদেশের প্রচলিত নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, “নতুন সেনাসংখ্যা অর্জনের পরিকল্পনা বাস্তবায়িত হলে ইউরোপের জন্য তা খুবই ভালো হবে, যদিও সেটা সম্ভবত ২০৩০-এর দশকের কোনো এক সময়েই দেখা যাবে।” এর আগে গত জুনে জার্মানির প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল কার্স্টেন ব্রয়ার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ন্যাটোকে আগামী চার বছরের মধ্যে সম্ভাব্য রুশ হামলার জন্য প্রস্তুত থাকতে হবে। এমনকি এই হামলা ২০২৯ সালেও হতে পারে। আর তাই সদস্য দেশগুলোকে প্রস্তুতি জোরদারের আহ্বানও জানান তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।