শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মনোজ বাজপেয়ীর বাজিমাৎ, আলোচনায় ‘ফ্যামিলি ম্যান থ্রি’

প্রকাশিত - ২৩ নভেম্বর, ২০২৫   ০৫:২৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দীর্ঘ অপেক্ষার পর গত ২১ নভেম্বর মুক্তি পেয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান সিজন থ্রি’। এটি অ্যামাজন প্রাইম ভিডিওতে ভারতসহ বিশ্বের ২৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে একসঙ্গে দেখা যাচ্ছে। মুক্তির পরপরই  সিরিজটিতে অ্যাকশনের পাশাপাশি তুমুল প্রশংসায় ভাসছেন প্রধান চরিত্রাভিনেতা মনোজ বাজপেয়ী। আগের সিজনগুলোর মতোই এবারও গোয়েন্দা কর্মকর্তা শ্রীকান্ত তিওয়ারির চরিত্রে ফিরেছেন মনোজ বাজপেয়ী। শ্রীকান্ত একদিকে দেশের নিরাপত্তা নিশ্চিত করার কঠিন দায়িত্ব পালন করেন, অন্যদিকে চেষ্টা করেন তার মধ্যবিত্ত পরিবার সামলানোর। এই সিজনে তার জীবনে আরও জটিল ও টানটান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আসে।

পর্যবেক্ষকদের মতে, অন্যান্য স্পাই থ্রিলারের তুলনায় ‘ফ্যামিলি ম্যান’ সিরিজটি দর্শকদের কাছে জনপ্রিয় হওয়ার মূল কারণ ছিল একজন সাধারণ মধ্যবিত্ত নায়কের গল্প ফুটিয়ে তোলা। এবারের সিজনেও মনোজ বাজপেয়ীর অভিনয় সেই বিশেষত্ব ধরে রেখেছে, যেখানে তিনি নিখুঁতভাবে একজন গোয়েন্দার পেশাগত দায়িত্ব এবং পারিবারিক সমস্যার দ্বৈত জীবন ফুটিয়ে তুলেছেন। তৃতীয় সিজনের গল্প উত্তর-পূর্ব ভারতের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। এখানে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ভাবনা এবং এই অঞ্চলের নতুন প্রজন্মের মধ্যে শান্তি-সংহতি নিয়ে অবিশ্বাসকে ঘিরে তৈরি হওয়া সংঘাত তুলে ধরা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে চীন অ্যাঙ্গেল, বিদেশি কর্পোরেট অস্ত্র চুক্তি এবং ভূ-রাজনৈতিক নানা জটিলতা।

সিরিজে মনোজ বাজপেয়ীর সঙ্গে খলচরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আহলোয়াত। তার চরিত্রটির নাম রুকমা, যিনি একজন প্রভাবশালী ড্রাগ মাফিয়া। এছাড়া ব্রিটিশ ব্রোকার মীরা এস্টন চরিত্রে দেখা গেছে নিমরত কৌরকে, যিনি বিদেশি কর্পোরেট হাউস ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগসাজশ করে নাশকতা চালান। রুকমা এবং শ্রীকান্তের মধ্যে ব্যক্তিগত শত্রুতামূলক লড়াই এবারের গল্পের প্রধান আকর্ষণ।

পর্যালোচকরা অ্যাকশন দৃশ্যগুলোর প্রশংসা করেছেন, বিশেষত উত্তর-পূর্ব ভারতের প্রাকৃতিক দৃশ্যের পটভূমিতে এই অ্যাকশন বেশ সতেজ মনে হয়েছে। যদিও সিরিজটি বিপুল প্রশংসা কুড়িয়েছে, তবে কিছু সমালোচক মনে করেন, একাধিক প্লটকে একসঙ্গে টানার চেষ্টা করায় গল্প মাঝে মাঝে অতিরিক্ত ভিড়ে জটিল হয়ে উঠেছে। বিস্ফোরণ, ধাওয়া, অপহরণ, এবং গোপন মিশনের ভিড়ে কাহিনীর গতি মাঝেমধ্যে আলগা হয়ে গেছে। তবে, মনোজ বাজপেয়ীর অভিনয় এবং সিরিজের শেষে শ্রীকান্তের স্ত্রী সূচির স্বীকারোক্তি- ‘ওর মিথ্যেগুলোই মিস করছি’, দর্শক ও সমালোচকদের মন ছুঁয়ে গেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।