২৪ঘণ্টা অনলাইন : প্রায় ২৬ বছর আগে মুক্তি পাওয়া ‘দ্য মমি’ বিশ্বব্যাপী দর্শকের কাছে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে। পরে মুক্তি পাওয়া আরো দুটি ছবিও ব্যবসাসফল হয়। নতুন ছবির মাধ্যমে আবার ফিরছে হলিউডের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটি। জানা গেছে, সিরিজের চতুর্থ কিস্তিতে প্রায় ২৫ বছর পর আবারও মুখ্য ভূমিকায় দেখা যাবে ব্রেন্ডন ফ্রেজার ও র্যাচেল ওয়াইজকে।এমনটা নিশ্চিত করেছেন ফ্রেজার নিজেই।
আগের তিনটি ছবিতেই ফ্রেজার অভিনয় করেছিলেন ‘রিক ও কনেল’ চরিত্রে। তবে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত তৃতীয় ছবি ‘টুম্ব অব দ্য ড্রাগন এম্পেরর’ নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। অভিনেতার ভাষ্যে, ছবিটি বানানো হয়েছিল তাড়াহুড়া করে এবং তা সিরিজের পরিকল্পিত ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি।
নতুন ছবির পরিচালনায় থাকছেন ম্যাট বেটিনেলি-অলপিন ও টাইলার গিলেট। তারা এর আগে ‘রেডি অর নট’ ও নতুন ‘স্ক্রিম’ সিরিজের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। তাই দর্শকরা নতুন ছবিতে অ্যাডভেঞ্চার, হরর ও বিনোদনের সমন্বয় আশা করছেন।যদিও ইউনিভার্সাল স্টুডিও এখনো ‘দ্য মমি ফোর’-এর মুক্তির তারিখ ঘোষণা করেনি। তবে ব্রেন্ডন ফ্রেজার–র্যাচেল ওয়াইজ জুটির ফিরে আসার খবরেই নস্টালজিয়া ফিরে এসেছে আগের দর্শকদের মনে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।