২৪ ঘণ্টা অনলাইন : ঢাকাই সিনেমার হালের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন তিনি পুরোদস্তুর অভিনেত্রী। রূপালি পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের মন জয় করেছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সরব। প্রায়ই নিজের যাপিত জীবনের নানা মুহূর্ত ও অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় এই তারকাকে। এরই ধারাবাহিকতায়, সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন বুবলী, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে।
প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, ছাদবাগানে বাগানবিলাস ফুলের আবহে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। পরনে রয়েছে ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, খোলা চুল আর কপালে ছোট্ট টিপ সব মিলিয়ে স্নিগ্ধ এক অবয়বে ধরা দিয়েছেন নায়িকা। কানে দুল আর ঠোঁটের মিষ্টি হাসি তার এই সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা। বাংলাদেশি মেয়েদের ঐতিহ্যের ধারক জামদানি শাড়ি নিয়ে নিজের ভালো লাগার কথাও জানিয়েছেন বুবলী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জামদানি শাড়ি শুধু কাপড় নয়, এটা আমাদের ঐতিহ্যের গল্প।’ বুবলীর এই স্নিগ্ধ রূপ দেখে ভক্ত-অনুরাগীরাও প্রশংসায় পঞ্চমুখ। মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি আর ইতিবাচক কথায় ভাসছেন এই অভিনেত্রী। একজন ভক্ত লিখেছেন, ‘অসম্ভব সুন্দর লাগে আপনাকে শাড়িতে।’ অপর একজন মন্তব্য করেছেন, ‘মাশাআল্লাহ! খুব সুন্দর লাগছে বুবলী আপুকে।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।