২৪ ঘণ্টা অনলাইন : দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনয়ের পাশাপাশি নিজের ফিটনেস নিয়েও বেশ সচেতন। জিমে ঘাম ঝরানোর ছবি প্রায়ই শেয়ার করেন সামাজিক যোগাযো গমাধ্যমে। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের পেশিবহুল পিঠের ছবি নেটিজেনদের মাঝে শেয়ার করেছেন ।
শুক্রবার (২২ নভেম্বর) নিজের ইনস্টাগ্রামে জিমের পোশাকে পিঠের পেশি প্রদর্শনের একটি ছবি শেয়ার করেন সামান্থা। ক্যাপশনে তুলে ধরেন নিজের ফিটনেস যাত্রার অভিজ্ঞতার কথা।
ছবিটির ক্যাপশনে সামান্থা লেখেন, ‘কয়েক বছর আগে আমি শক্তিশালী পিঠ বানানোর আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। ভাবতাম, এটা আমার জিনে নেই। অন্যদের সুঠাম পিঠ দেখে মনে হতো, আমি হয়তো কখনোই এমন হতে পারব না। কিন্তু আমি ভুল ছিলাম।’ ‘আজ আমি সত্যিই খুশি। আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এমন দিনও গেছে যখন মনে হতো কোনো পরিবর্তন হচ্ছে না, হাল ছেড়ে দেওয়াই সহজ কিন্তু আমি থেমে যাইনি।’ তার কথায়, ‘শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়, জীবনযাপনের ধরণ এবং বয়সের কথা মাথায় রেখে পেশি গঠন খুবই জরুরি। শক্তি প্রশিক্ষণ আমাকে শৃঙ্খলা ও ধৈর্য শিখিয়েছে। জিনে নেই এটা কেবল একটা অজুহাত। নিজেকে ভুল প্রমাণ না করা পর্যন্ত আমরা এই অজুহাত দিয়ে যাই।’ সম্প্রতি নিজের প্রযোজনায় নতুন সিনেমার কাজ শুরু করেছেন তিনি। এছাড়া রাজ এবং ডিকের পরিচালনায় ‘রক্ত ব্রহ্মণ্ড: দ্য ব্লাডি কিংডম’ সিরিজে দেখা যাবে তাকে। এতে তার সহশিল্পী হিসেবে আছেন আদিত্য রায় কাপুর, আলি ফজল, ওয়ামিকা গাব্বি এবং জয়দীপ আহলাওয়াত। সিরিজটি ২০২৬ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।