২৪ ঘণ্টা অনলাইন : রাশিয়ার সাথে যুদ্ধ সমাপ্তি নিয়ে হোয়াইট হাউসের একটি পরিকল্পনার জেরে কিয়েভ মার্কিন সমর্থন হারানোর ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেন ‘হয়তো অত্যন্ত কঠিন এক পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। হয় আত্মমর্যাদা বিসর্জন দেওয়া, অথবা গুরুত্বপূর্ণ এক মিত্রকে হারানোর ঝুঁকি নেওয়া। তিনি আরও যোগ করেন, আজকের দিনটি আমাদের ইতিহাসের অন্যতম কঠিন মুহূর্ত। ফাঁস হওয়া মার্কিন শান্তি পরিকল্পনায় এমন কিছু প্রস্তাব রয়েছে যা কিয়েভ আগেই প্রত্যাখ্যান করেছিল। এরমধ্যে রয়েছে— বর্তমানে তাদের নিয়ন্ত্রণে থাকা পূর্বাঞ্চলীয় এলাকাগুলো ছেড়ে দেওয়া, সেনাবাহিনীর আকার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা এবং ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া।
শুক্রবার এক বৈঠকে পুতিন জানান, মস্কো এই পরিকল্পনাটি হাতে পেয়েছে, তবে ক্রেমলিনের সঙ্গে এ নিয়ে বিস্তারিত কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, রাশিয়া নমনীয়তা দেখাতে ইচ্ছুক, তবে লড়াই চালিয়ে যেতেও তারা প্রস্তুত। দিনের পরবর্তী সময়ে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন যে, জেলেনস্কিকে এই পরিকল্পনাটি পছন্দ করতেই হবে। তিনি আরও যোগ করেন, অন্যথায় ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে। ইউক্রেন যুক্তরাষ্ট্রের তৈরি উন্নত অস্ত্রশস্ত্র সরবরাহের ওপর অত্যন্ত নির্ভরশীল। এর মধ্যে রয়েছে— রাশিয়ার মারাত্মক বিমান হামলা প্রতিহত করার মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ওয়াশিংটনের দেওয়া গোয়েন্দা তথ্য। স্মরণ করা যেতে পারে, রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করেছিল।
সূত্র : বিবিসি।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।